সিলিকন ভ্যালিতে গোলটেবিল বৈঠকে ববি হাজ্জাজ
বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি
- যুক্তরাষ্ট্রের এআই ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী
- প্রযুক্তি হস্তান্তর, দক্ষ মানবসম্পদ ও আধুনিক ডেটা অবকাঠামো বিনির্মাণে গুরুত্বারোপ
- সিলিকন ভ্যালির উচ্চপর্যায়ের আলোচনায় নীতিনির্ধারক ও বৈশ্বিক প্রযুক্তি নির্বাহীদের অংশগ্রহণ
উচ্চপ্রযুক্তির সেমিকন্ডাক্টর চিপ নির্মাণ, আধুনিক ডেটা অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশকে চালিকাশক্তি ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলে আয়োজিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল’-এ অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। ‘টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর
বাংলাদেশ’স গ্রোথ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক গোলটেবিল বৈঠকে দেশের তরুণ প্রকৌশলীদের দক্ষতা ও বৈশ্বিক অংশীদারত্বের রূপরেখা বিশদভাবে উপস্থাপিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্বমানের প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, বৈশ্বিক প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে এগিয়ে যেতে হবে। এআই, ডেটা সেন্টার কাঠামো, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বৈশ্বিক অংশীদারত্ব এলে তা দেশের অর্থনৈতিক বহুমুখীকরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
গোলটেবিল আলোচনায় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, উন্নত এআই মডেলিং, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদের সঞ্চালনায় মার্কিন প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহী ও উদ্যোক্তারা সরাসরি মতবিনিময় করেন। এতে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বহুজাতিক কোম্পানিগুলোর বাস্তবায়নযোগ্য বিনিয়োগ ও সহযোগিতার কৌশলগত ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়।
আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, মার্কিন সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে এই সমন্বিত যোগাযোগ দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সম্প্রসারণ এবং নলেজ-ভিত্তিক টেকসই অর্থনীতি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
//ডিবিটেক/এমটিএমপি/ এসএমপি/বিপিও//





