চিকিৎসাবিজ্ঞানের আধুনিক গবেষণা নিয়ে আলোচনা
সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত
- সিডনিতে সাড়ে তিন শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে এফবিএমএসএ বৈজ্ঞানিক সিম্পোজিয়াম সম্পন্ন
- ক্যান্সার ইমিউনোথেরাপি, আলঝেইমার্স ও শিশুদের স্নায়ুবিক বিকাশ নিয়ে প্রবন্ধ উপস্থাপন
- জরুরি চিকিৎসাসেবার উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতায় দ্বিপাক্ষিক অংশীদারত্বের ওপর জোর
চিকিৎসাবিজ্ঞানের সর্বাধুনিক উদ্ভাবন, ক্লিনিক্যাল গবেষণা এবং স্বাস্থ্যপ্রযুক্তির পারস্পরিক মেলবন্ধনে অস্ট্রেলিয়ার সিডনিতে সফলভাবে সম্পন্ন হলো ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া’ (এফবিএমএসএ)-র বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ২০২৬। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে কর্মরত সাড়ে তিন শতাধিক চিকিৎসকের সক্রিয় অংশগ্রহণে পেনরিথের ওয়েস্টার্ন সিডনি কনভেনশন সেন্টারে শনি ও রবিবার, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা ও জৈবপ্রযুক্তির সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য নিয়ে এ সম্মেলন চিকিৎসাবিজ্ঞানের চর্চা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারিবারিক মিলনমেলায় রূপ নেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন ও নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা ঘটে। বিভিন্ন অঙ্গরাজ্যের শিল্পী-কলাকুশলীদের পরিবেশনার পাশাপাশি বিশিষ্ট সংগীতশিল্পী নকীব খানের সংগীতে মুখরিত ছিল উদ্বোধনী অধিবেশন; যেখানে প্রায় ছয় শতাধিক চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে নিবন্ধন পর্বের পর মূল বৈজ্ঞানিক সিম্পোজিয়াম উদ্বোধন করেন সম্মেলনের প্রধান উপদেষ্টা জেসি চৌধুরী, আহ্বায়ক ফাইজুর রেজা (ইমন), সহ-আহ্বায়ক ইকবাল হোসেন এবং শেখ হায়দার তপু। এ সময় বক্তব্য রাখেন এফবিএমএসএ সভাপতি এম. মোশাররফ হোসেন খান এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি মেহেদী ফারহান।
এফবিএমএসএ সাধারণ সম্পাদক আবুল জালাল আহমেদ এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সাধারণ সম্পাদক রোকেয়া ফকিরের (কেয়া) যৌথ সঞ্চালনায় অধিবেশনে বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী জিহাদ ডিব, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম. বুরহানউদ্দিন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস শাখার সভাপতি ফ্রেড বেট্রোস। সম্মেলনে মাজহার হক এফবিএমএসএ-এর প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন এবং চিকিৎসাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ চিকিৎসকদের হাতে ‘এফবিএমএসএ প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হয়।
দিনব্যাপী বৈজ্ঞানিক সেশনগুলোর সমন্বয় করেন এফবিএমএসএ শিক্ষা সম্পাদক আকবর আশরাফী এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের শিক্ষা সম্পাদক মিহির রায়। চিকিৎসা ও ফার্মাকোলজিক্যাল গবেষণার হালনাগাদ অগ্রগতি হিসেবে হৃদরোগ, ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া, আলঝেইমার্স রোগের নতুন ওষুধ ডোনানেমাব, রিউমাটোলজি, আরএসভি টিকাদান, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, মেনোপজ এবং শিশুদের স্নায়ুবিক বিকাশজনিত জটিলতার ক্লিনিক্যাল সমাধান নিয়ে মূল বৈজ্ঞানিক প্রবন্ধগুলো উপস্থাপিত হয়। একই সঙ্গে জুনিয়র চিকিৎসক ও আন্তর্জাতিক মেডিকেল গ্র্যাজুয়েটদের পেশাগত প্রশিক্ষণ ও আধুনিক দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্মেলনে বার্ষিক সাধারণ সভার পাশাপাশি উন্মোচন করা হয় বিশেষ স্মারক সাময়িকী ‘এলিক্সির’। এ ছাড়া অনুষ্ঠিত প্যানেল আলোচনায় চিকিৎসাবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা গণমাধ্যমকর্মীদের জানান, বাংলাদেশে আধুনিক প্রযুক্তিনির্ভর জরুরি চিকিৎসাসেবার সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক জেনারেল প্র্যাকটিসের বিকাশ এবং ঠোঁট ও তালু কাটা রোগীদের প্লাস্টিক সার্জারিতে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক চিকিৎসা-সহযোগিতা অত্যন্ত জরুরি।
//ডিবিটেক/সিএমপি/এমএনএ/এমআইএস//





