প্রথম টেলিকম অপারেটর হিসেবে কথোপকথন ভিত্তিক সেবা ব্যবস্থাপনা শুরু
চ্যাটজিপিটিতে সেবা চালু করল মোবাইল অপারেটর বাংলালিংক
- কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মাধ্যমে পাওয়া যাবে বাংলালিংকের সেবা
- ব্যালেন্স চেক, প্যাক বাছাই ও রোমিং স্টেটাস জানার সুযোগ
- লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে বাংলালিংকের নিজস্ব পেমেন্ট পোর্টালে
গ্রাহক অভিজ্ঞতাকে অধিকতর স্বচ্ছন্দ, এআই-নির্ভর ও ডিজিটালমুখী করার অংশ হিসেবে দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে চ্যাটজিপিটি (ChatGPT) প্ল্যাটফর্মে নিজস্ব মোবাইল সেবা চালু করেছে বাংলালিংক। 'বাংলালিংক জিপিটি' (Banglalink GPT)-এর মাধ্যমে এখন থেকে গ্রাহকেরা অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ না করেই সাধারণ কথোপকথনের মাধ্যমে দৈনন্দিন মোবাইল সেবা গ্রহণ করতে পারবেন।
বাংলালিংক ডিজিটাল কর্তৃক উদ্ভাবিত এই পরিষেবাটি আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। চ্যাটজিপিটির 'GPT' সেকশনে গিয়ে সহজ ও সাধারণ ভাষায় প্রশ্ন করার মাধ্যমে গ্রাহকেরা এ সুবিধা ব্যবহার করতে পারছেন।
বাংলালিংক জিপিটি-র মাধ্যমে গ্রাহকেরা অ্যাকাউন্টের ব্যালেন্স, মিনিট ও ডেটা ব্যবহার চেক করা, রোমিং স্ট্যাটাস যাচাই এবং নিজের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ডেটা বা ভয়েস প্যাকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। যেমন— কোনো গ্রাহক সিনেমা দেখার আগে কতটুকু ডেটা প্রয়োজন তা জানতে চাইলে চ্যাটজিপিটি সঠিক প্যাক সুপারিশ করবে। পরবর্তীতে যেকোনো কেনাকাটা বা রিচার্জের আর্থিক লেনদেন বাংলালিংকের নিরাপদ পেমেন্ট পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, "দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সাথে সাথে গ্রাহকদের চাহিদাও দ্রুত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে প্রথম টেলিকম অপারেটর হিসেবে চ্যাটজিপিটিতে সেবা নিয়ে আসার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য অভিজ্ঞতাকে আরও সহজ ও অ্যাক্সেসযোগ্য করে তুলেছি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক অঙ্গীকারের অংশ এটি।"
//ডিবিটেক/এসিএইচ/বিআর/এমভিএনও//





