স্পেকট্রাম এবং সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগে নতুন দায়িত্ব পেলেন উপ-পরিচালক ও উপ-সহকারী পরিচালকেরা
বিটিআরসিতে রদবদল: ৩ কর্মকর্তাকে নতুন বিভাগে বদলি ও পদায়ন
বিটিআরসির প্রশাসন বিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশে উপ-পরিচালক জনাব মোহাম্মদ ফিরুজ মিয়াসহ দুই উপ-সহকারী পরিচালককে অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে তিন কর্মকর্তাকে নতুন বিভাগ ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। ২ জুলাই, বৃহস্পতিবার বিটিআরসির প্রশাসন বিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়।
বিটিআরসির মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শাখার উপ-পরিচালক সেলিনা পারভীন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কমিশনের তিন কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত নতুন বিভাগ, শাখা বা দপ্তরে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হলো।
বদলি ও পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন:
১. মোহাম্মদ ফিরুজ মিয়া (উপ-পরিচালক): তিনি এতদিন খুলনার স্পেকট্রাম মনিটরিং স্টেশনে কর্মরত ছিলেন। নতুন আদেশে তাঁকে বিটিআরসির প্রধান কার্যালয়ের ‘সিস্টেমস্ এন্ড সার্ভিসেস’ বিভাগে পদায়ন করা হয়েছে।
২. পারভেজ আহমেদ (উপ-সহকারী পরিচালক): তিনি এর আগে ‘এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট’-এ নিয়োজিত ছিলেন। তাঁকে নতুন করে ‘স্পেকট্রাম’ বিভাগে বদলি করা হয়েছে।
৩. মোঃ হাফিজুর রহমান (উপ-সহকারী পরিচালক): তিনি বিটিআরসি চেয়ারম্যান মহোদয়ের দপ্তরে সংযুক্ত ছিলেন। নতুন আদেশে তাঁকেও ‘স্পেকট্রাম’ বিভাগে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাগণকে অনতিবিলম্বে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
উক্ত আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক, কমিশন সচিব, চেয়ারম্যানের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে বিটিআরসি প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল বিটিআরসিতে ‘অবৈধ নিয়োগ ও পদন্নোতির’ বিষয়ে রিটকারী দুই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ। আদেশে বিটিআরসির ছয়জন ডেপুটি ডিরেক্টরের মধ্যে দুজন সঞ্জিব কুমার সিংহ ও এসএম আফজাল রেজাকে অন্যায় ও বিধিবহির্ভূতভাবে ঢাকার বাইরে বদলির আদেশের কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছিলেন আদালত। এর এক মাস আগে ১৫ ফেব্রুয়ারি কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন বিভাগের ২০ জনের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। ওই আদেশে উপ-পরিচালক পর্যায়ের ১০ কর্মকর্তা এবং সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ের ২১ কর্মকর্তার মধ্যে চার জনকে এবং অন্যান্য পদের ৬ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়।
//ডিবিটেক/এসএ/ইকে//





