রাশিয়ার ভয়াবহ হামলা: ইউক্রেনের তথ্যপ্রযুক্তি খাত ধ্বংসের মুখে
ইউক্রেনের ডিজিটাল ও টেলিযোগাযোগ অবকাঠামো সম্পূর্ণ অচল করে দেওয়ার লক্ষ্যে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভে ইউক্রেনের সর্ববৃহৎ মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘কিয়েভস্টার’-এর মূল কার্যালয়ে ড্রোন হামলা চালানো হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমকে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।
সদর দপ্তরে সরাসরি আঘাত হানা সত্ত্বেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কিয়েভস্টার। একই সঙ্গে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান ‘ভোডাফোন ইউক্রেন’-এর একটি গুরুত্বপূর্ণ ডাটা সেন্টারেও আঘাত হানার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিক ও তথ্যপ্রবাহ
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রবিবারের হামলায় কিয়েভের একটি ডাটা সেন্টারে পরপর দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে দুই শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
ইউক্রেনের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার কারণে কিয়েভ ও এর আশপাশের অঞ্চলের প্রায় ১ লাখ পরিবার বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কৌশলগত লক্ষ্য ও প্রতিক্রিয়া
এই সাইবার ও ভৌত হামলার বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মূলত রকেট বা ড্রোন হামলার পূর্বসতর্কতা বার্তা সম্প্রচার বন্ধ করতেই কৌশলগতভাবে ডাটা সেন্টারগুলোকে ধ্বংস করছে রাশিয়া।
জরুরি সময়ে জীবন রক্ষাকারী তথ্যের গতি থামিয়ে দেওয়াই এখন মস্কোর নতুন সামরিক কৌশল হয়ে দাঁড়িয়েছে। সংঘাতের এই নতুন পর্যায়ে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ইউক্রেনের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতকে স্তব্ধ করে দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





