রাজনৈতিক অর্থায়ন ও সম্পদের স্বচ্ছতায় জোর দিতে তরুণদের আহ্বান
ঢাকা: রাজনৈতিক অর্থায়ন, সম্পদের স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে রাজধানীতে টাউন হল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘স্ট্রেংদেনিং ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি: পলিটিক্যাল ফাইন্যান্স অ্যান্ড অ্যাসেট ট্রান্সপারেন্সি’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়লগ (টিবিডি)। সহযোগিতায় ছিল ভয়েসেস ফর ইন্টার্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস)। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে গবেষক, সাংবাদিক, শিক্ষক, […] The post রাজনৈতিক অর্থায়ন ও সম্পদের স্বচ্ছতায় জোর দিতে

ঢাকা: রাজনৈতিক অর্থায়ন, সম্পদের স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে রাজধানীতে টাউন হল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘স্ট্রেংদেনিং ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি: পলিটিক্যাল ফাইন্যান্স অ্যান্ড অ্যাসেট ট্রান্সপারেন্সি’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়লগ (টিবিডি)। সহযোগিতায় ছিল ভয়েসেস ফর ইন্টার্যাকটিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস)।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে গবেষক, সাংবাদিক, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ অংশগ্রহণকারী ও সংসদ সদস্যরা অংশ নেন। রাজনৈতিক অর্থায়ন ও সম্পদ ঘোষণায় স্বচ্ছতা কীভাবে গণতান্ত্রিক জবাবদিহি আরও শক্তিশালী করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রামের অংশগ্রহণকারী তাসমিয়া ফেরদৌস তিতলী একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। জয়ী ট্রেনিং সেশন থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষার আলোকে তিনি রাজনৈতিক অর্থায়ন ও সম্পদ স্বচ্ছতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কিছু সুপারিশ উপস্থাপন করেন। পরে প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সংলাপের প্যানেল আলোচনায় অংশ নেন নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জাভেদ হোসাইন। তাঁরা রাজনৈতিক অর্থায়ন, গণতান্ত্রিক জবাবদিহি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে মতামত দেন।
এরপর ‘পার্লামেন্টারিয়ানস টেক’ পর্বে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি রাজনৈতিক অর্থায়ন ও গণতান্ত্রিক জবাবদিহি নিয়ে মতামত তুলে ধরেন।
মাহমুদা হাবিবা গণতান্ত্রিক জবাবদিহি, স্বচ্ছতা ও দায়িত্বশীল শাসনব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি প্রার্থীদের বাছাইপ্রক্রিয়া আরও কার্যকর করা, সম্পদ বিবরণী আরও স্বচ্ছ করা এবং সংসদ সদস্যদের সম্পদ ও নির্বাচনী ব্যয়ের ওপর নিয়মিত নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেন। নির্বাচিত প্রতিনিধিদের ঘিরে গড়ে ওঠা পৃষ্ঠপোষকতার সংস্কৃতি থেকে বেরিয়ে আইনসম্মত ও ন্যায়সংগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম এবং সক্রিয় নাগরিক সমাজের গুরুত্বের কথাও তুলে ধরেন মাহমুদা হাবিবা। একই সঙ্গে অনলাইনে হয়রানি ও অপব্যবহার রোধের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা বলেন।
অন্যদিকে আবদুল্লাহ আল আমিন রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নির্বাচিত প্রতিনিধি ও নাগরিকদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দে বৈষম্যের বিষয়টি তুলে ধরে বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকলেও জনগণের সঙ্গে স্বচ্ছভাবে যোগাযোগ করা গেলে তাদের আস্থা ধরে রাখা সম্ভব।
রাজনীতিতে পৃষ্ঠপোষকতাভিত্তিক সংস্কৃতির অবসানের ওপর গুরুত্ব দিয়ে তিনি রাজনীতিবিদদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা এবং নিজেদের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করার আহ্বান জানান। একই সঙ্গে স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং রাজনীতিবিদ, আমলা ও সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ডের ওপর জনসাধারণ ও তরুণদের নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের সেক্রেটারি আসলাম বেগ সায়েম। তিনি বাংলাদেশে আর্থিক ও রাজনৈতিক জবাবদিহি, সম্পদের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক সচেতনতা জোরদারের ওপর গুরুত্ব দেন। তার মতে, জনপরিসর ও গণমাধ্যমের আলোচনায় অনেক সময় দীর্ঘমেয়াদি গুরুত্বপূর্ণ সমস্যার পরিবর্তে চটকদার বিষয় বেশি গুরুত্ব পায়। ফলে আর্থিক অনিয়ম ও অর্থপাচারের মতো বিষয় আলোচনার আড়ালে থেকে যায়।
তরুণদের রাজনৈতিক ও নাগরিক আলোচনায় যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আসলাম বেগ সায়েম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম ভিত্তি। সচেতন ও সক্রিয় তরুণ প্রজন্ম রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহির মধ্যে রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বক্তা ও সংসদ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় রাজনৈতিক অর্থায়ন কীভাবে নিয়ন্ত্রিত হয়, আর্থিক স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায় এবং রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহি বাড়াতে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন—এসব বিষয়ে আলোচনা হয়।
The post রাজনৈতিক অর্থায়ন ও সম্পদের স্বচ্ছতায় জোর দিতে তরুণদের আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





