‘শিক্ষা-গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বিএমইউ’
ঢাকা: শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। রোববার (২৭ সেপ্টেম্বর) চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং কুনমিং বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। […] The post ‘শিক্ষা-গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বিএমইউ’

ঢাকা: শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
রোববার (২৭ সেপ্টেম্বর) চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং কুনমিং বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশ-চীন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে। স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে।
কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং বলেন, কুনমিং বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এর আওতায় চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সুযোগ রয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় ভূমিকা তুলে ধরেন।
বৈঠকে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রগতি নিয়ে একটি উপস্থাপনা দেন। তিনি বলেন, দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, পোস্টগ্র্যাজুয়েট শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ ও চিকিৎসা গবেষণায় বিএমইউ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল রোগের চিকিৎসার জন্য রোগীরা এ বিশ্ববিদ্যালয়ে আসেন।
তিনি বাংলাদেশের কিডনি প্রতিস্থাপন, মিনিমালি ইনভেসিভ সার্জারি, এন্ডোইউরোলজি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তির অগ্রগতির বিষয়ও তুলে ধরেন। কিডনি প্রতিস্থাপনের সক্ষমতা ও পরিধি সম্প্রসারণের পাশাপাশি মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সপ্ল্যান্ট কেয়ার, আধুনিক ইমিউনোসাপ্রেশন এবং উন্নত অপারেশন-পূর্ব ও পরবর্তী চিকিৎসাব্যবস্থায় দেশের সক্ষমতা বাড়ছে বলে জানান তিনি।
বাংলাদেশ-চীন সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি ও চিকিৎসা গবেষণায় দুই দেশের বিশ্ববিদ্যালয় ও চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম। বৈঠকে উভয় পক্ষ স্বাস্থ্য খাতে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
The post ‘শিক্ষা-গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র বিএমইউ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





