পাঁচটি আকর্ষণীয় রঙে আসছে অ্যাপলের হোমপড মিনি ২

পাঁচটি আকর্ষণীয় রঙে আসছে অ্যাপলের হোমপড মিনি ২
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪  

অ্যাপলের জনপ্রিয় স্মার্ট স্পিকার ‘হোমপড মিনি’ দীর্ঘ ছয় বছর পর নতুন প্রযুক্তিতে বাজারে আসার বার্তা দিয়েছে। প্রযুক্তি বিষয়ক সাময়িকী ম্যাকরিউমার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নিজস্ব সফটওয়্যার কোড বিশ্লেষণ করে এর দ্বিতীয় প্রজন্মের মডেল ‘হোমপড মিনি ২’-এর সুনির্দিষ্ট তথ্যের সন্ধান পাওয়া গেছে। 

অ্যাপলের এই নতুন ডিভাইসটি চলতি বছরের শরতেই তাদের নতুন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি এআই’-এর আনুষ্ঠানিক অভিষেকের সঙ্গেই বিশ্ববাজারে উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিজাইন ও কালার ভ্যারিয়েন্ট
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন হোমপড মিনি ২-এর মূল বাহ্যিক নকশা বা ডিজাইনে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে রঙের ক্ষেত্রে আগের চেয়ে বেশ কিছু বৈচিত্র্য থাকছে; ডিভাইসটি সবুজ, গোলাপি, হালকা নীল, সাদা ও কালো- এই পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। 

২০২০ সালের অক্টোবরে বাজারে আসা প্রথম মডেলে হলুদ, কমলা ও গাঢ় নীল রঙের উপস্থিতি ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচার ও স্বয়ংক্রিয় নির্দেশ দ্রুত বাস্তবায়নে এতে আরও দ্রুতগতির আধুনিক চিপ বা প্রসেসর যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

স্মার্ট হোম ডিভাইস ও সামগ্রিক পরিকল্পনা
হোমপড মিনি ২-এর পাশাপাশি অ্যাপল তাদের স্মার্ট হোম ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে একাধিক নতুন ডিভাইস আনার পরিকল্পনা করছে। 

প্রযুক্তি খাতের খবর অনুযায়ী, এই স্মার্ট স্পিকারের সঙ্গেই একটি নতুন ‘অ্যাপল টিভি’ স্ট্রিমিং বক্স এবং ডিসপ্লে সমৃদ্ধ বিশেষ একটি ‘স্মার্ট হোম হাব’ বাজারে উন্মোচন করা হতে পারে। 

দীর্ঘ বিরতির পর অ্যাপলের এই সাশ্রয়ী স্মার্ট ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে ঘরোয়া বিনোদন ও যোগাযোগের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট