ই-কমার্সে বাড়বে ডিজিটাল সেবা
নতুন ব্র্যান্ড পরিচয়ে স্টেডফাস্ট
- নতুন লোগোতে ঘুড়ির প্রতীক, থাকছে পুরোনো স্লোগান
- ওয়েবসাইট ও অ্যাপে যুক্ত হচ্ছে নতুন সংস্করণ
- ৩ লাখ উদ্যোক্তার ডেলিভারি সেবা ডিজিটাল করছে স্টেডফাস্ট
ই-কমার্স উদ্যোক্তাদের জন্য ডিজিটাল অটোমেশন, পার্সেল ট্র্যাকিং, দ্রুত ডেলিভারি ও পেমেন্ট ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নিয়ে নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেছে দেশের কুরিয়ার সেবা প্রতিষ্ঠান স্টেডফাস্ট। নতুন পরিচয়ের সঙ্গে হালনাগাদ করা হচ্ছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, মার্চেন্ট অ্যাপ ও গ্রাহক অ্যাপ।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে স্টেডফাস্টের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করা হয়। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল মার্কেটিং পার্টনার ব্রেকবাইট।
অনুষ্ঠানে নতুন ব্র্যান্ড পরিচয়ের বিভিন্ন দিক তুলে ধরেন স্টেডফাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কেএম রিদওয়ানুল বারী জিয়ন। পরে ই-কমার্স উদ্যোক্তা, মার্চেন্ট ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন লোগো উন্মোচন করেন স্টেডফাস্টের চেয়ারম্যান জইরিয়া মোস্তারি।
স্টেডফাস্টের নতুন লোগোর কেন্দ্রে রয়েছে একটি ঘুড়ির প্রতীক। প্রতিষ্ঠানের ব্যাখ্যা অনুযায়ী, ঘুড়ি আকাশে উড়লেও এর সুতা থাকে উড়নদাতার হাতে। একইভাবে কোনো মার্চেন্টের পণ্য দেশের যে প্রান্তেই যাক না কেন, পার্সেলের নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট ডেলিভারি তথ্যের প্রবেশাধিকার মার্চেন্টের হাতেই থাকবে—এই ধারণা থেকেই নতুন পরিচয়ের ভাবনা তৈরি করা হয়েছে।
এই ধারণার ভিত্তিতে স্টেডফাস্ট নতুন ব্র্যান্ড স্লোগান গ্রহণ করেছে “আস্থার ঘুড়ি, আপনার হাতে”। তবে প্রতিষ্ঠানের প্রচলিত স্লোগান “সবার আগে, সবখানে” অপরিবর্তিত থাকবে।
নতুন ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে ই-কমার্স উদ্যোক্তাদের জন্য ডিজিটাল অটোমেশন সম্প্রসারণ, পার্সেলের অবস্থান অনুসরণের সক্ষমতা বাড়ানো, দেশব্যাপী সেবা বিস্তৃত করা, দ্রুত ও নিরাপদ ডেলিভারি নিশ্চিত করা এবং পেমেন্ট ব্যবস্থাকে আরও ডিজিটাল করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
স্টেডফাস্ট জানিয়েছে, বর্তমানে ৩ লাখের বেশি ই-কমার্স উদ্যোক্তা তাদের ডেলিভারি সেবা ব্যবহার করছেন। কয়েক হাজার ডেলিভারি রাইডার দেশের বিভিন্ন এলাকায় সেবা দিচ্ছেন। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলসহ দেশের প্রতিটি ইউনিয়নে হোম ডেলিভারি সুবিধাও রয়েছে। এর ফলে এসব এলাকার উদ্যোক্তারাও দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে পণ্য পাঠাতে পারছেন।
দেশের অভ্যন্তরীণ ডেলিভারির পাশাপাশি ক্রস-বর্ডার ই-কমার্স খাতেও কাজ করছে স্টেডফাস্ট। এর মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠানোর সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ব্র্যান্ড পরিচয় চালু হলেও মার্চেন্টদের বিদ্যমান শর্ত ও সেবায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে স্টেডফাস্ট। ডেলিভারি চার্জ, পরদিনের পেমেন্ট, রাইডার সেবা এবং বর্তমান কভারেজ আগের মতোই থাকবে।
অনুষ্ঠানে কেএম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, “দশ বছর আগে আমরা মাত্র কয়েকজনকে নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজ আমাদের রাইডাররা দেশের প্রতিটি ইউনিয়নে পৌঁছে যাচ্ছেন। আমাদের কাজের লক্ষ্য বদলায়নি, তবে সক্ষমতা বেড়েছে। স্টেডফাস্ট এখন শুধু দ্রুতগতির প্রতিষ্ঠান নয়, প্রযুক্তিনির্ভরও। নতুন লোগো সেই রূপান্তরকেই তুলে ধরছে।”
চেয়ারম্যান জইরিয়া মোস্তারি বলেন, “ঘুড়িটি আমাদের, আর সুতা ও নাটাই আমাদের মার্চেন্টদের হাতে। সামনে প্রযুক্তি, অবকাঠামো ও জনবলে বিনিয়োগের মাধ্যমে আমরা এই আস্থাকে আরও শক্তিশালী করতে চাই।”
অনুষ্ঠানে স্টেডফাস্টের ১০ বছরের যাত্রা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রমের বিস্তার, ডেলিভারি নেটওয়ার্ক এবং প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
//ডিবিটেক/ডিএসও/এএইচএফ/বিপিও//





