মেমোরি চিপের বাজারে বড় ধাক্কা: অ্যাপলের ইনভেন্টরিতে রেকর্ড ১৫৪ শতাংশ প্রবৃদ্ধি

মেমোরি চিপের বাজারে বড় ধাক্কা: অ্যাপলের ইনভেন্টরিতে রেকর্ড ১৫৪ শতাংশ প্রবৃদ্ধি
৩ নভেম্বর, ২০২৬ ১৯:৫৪  
৩ নভেম্বর, ২০২৬ ১২:৩৫  

কম্পিউটার মেমোরি চিপের নজিরবিহীন মূল্যবৃদ্ধির প্রভাব সামলাতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতি হিসেবে মেমোরি মজুত বাড়িয়ে চলেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর জের ধরে প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকে সামগ্রিক ইনভেন্টরির পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১৫৪.৩ শতাংশ লাফিয়ে ১৪.৫৪ বিলিয়ন (১,৪৫৪ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে।

মেমোরি চিপের নজিরবিহীন দাম ও ভবিষ্যৎ ইঙ্গিত
অ্যাপলের সাম্প্রতিক প্রান্তিক আর্থিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস বলেন, “মেমোরি চিপের বাজারে যে মূল্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তা নজিরবিহীন।”

তিনি স্পষ্ট জানান যে, সেপ্টেম্বর প্রান্তিকে মেমোরির অতিরিক্ত খরচের কিছু অংশ অন্যান্য যন্ত্রাংশের কম দাম ও পূর্বের মেমোরি মজুত থাকার সুবিধার কারণে সামলানো গেলেও আগামী ডিসেম্বর প্রান্তিকে মেমোরির খরচ আরও বৃদ্ধি পাবে।

এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে কোম্পানির মোট মুনাফার হারে (গ্রস মার্জিন)। সেপ্টেম্বর প্রান্তিকে ৪৭.৯ শতাংশ গ্রস মার্জিন অর্জিত হলেও ডিসেম্বর প্রান্তিকে তা কমে ৪৫ থেকে ৪৬ শতাংশের ঘরে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দামের চড়া ভাব সামাল দিতে এ বছরের জুন মাসে ম্যাক ও আইপ্যাড এবং সেপ্টেম্বরে আইফোনের দাম কিছুটা বাড়ানো হয়েছিল।

আগামীতে মেমোরি উপকরণের দাম আরও বাড়লে ডিভাইসের খুচরা মূল্য পুনরায় সমন্বয় বা বৃদ্ধি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন চিফ অপারেটিং অফিসার (সিওও) সাবীহ খান।

সরবরাহ ঘাটতিতে ধাক্কা খেল আইপ্যাড বিক্রি
চিপ সংকটের সার্বিক প্রভাব দেখা গেছে অ্যাপলের আইপ্যাড সেগমেন্টে। অন্যান্য ডিভাইসের বিক্রি বাড়তির দিকে থাকলেও মেমোরি ও যন্ত্রাংশের সরবরাহ ঘাটতির কারণে আইপ্যাডের বিক্রি আশানুরূপ হয়নি। আলোচ্য প্রান্তিকে আইপ্যাড খাত থেকে রাজস্ব এসেছে ৬.২ বিলিয়ন (৬২০ কোটি) ডলার, যা বিশ্লেষকদের নির্ধারিত ৬.৭ বিলিয়ন ডলারের পূর্বাভাসের চেয়ে কম এবং আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।

মেমোরির মূল্যবৃদ্ধি অব্যাহত থাকবে ধরে নিয়ে অ্যাপল যন্ত্রাংশ উৎপাদনকারীদের প্রতি কেনাকাটার প্রতিশ্রুতি আরও ৩৩ বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে, যা বিশ্বব্যাপী মেমোরি সরবরাহ সুনিশ্চিত করার ক্ষেত্রে কোম্পানির আগ্রাসী পদক্ষেপকেই নির্দেশ করে।

 ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ