ভিয়েতনামে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে দল বাছাই শনিবার

  • ৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব

  • ৪০টির বেশি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে

  • চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণরা ২০২৭ সালে ভিয়েতনামে প্রতিদ্বন্দ্বিতা করবে

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে দল বাছাই শনিবার
২৯ অক্টোবর, ২০২৬ ১৭:৩৮  

কৃত্রিম বুদ্ধিমত্তা, গণিত ও মেশিন লার্নিংয়ে দক্ষ তরুণদের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে শনিবার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) জাতীয় পর্ব। এ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কয়েক ধাপের প্রশিক্ষণ ও চূড়ান্ত বাছাইয়ের মধ্য দিয়ে ২০২৭ সালে ভিয়েতনামে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আসরের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে।

৩১ অক্টোবর, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জাতীয় পর্বের প্রতিযোগিতা চলবে।

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের জাতীয় দল গঠনের এই আয়োজন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এ প্রতিযোগিতায় জ্ঞান ও ভেন্যু সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

গত ১৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে প্রতিযোগীদের নিবন্ধন নেওয়া হয়। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে। তারা দেশের ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে।

নিবন্ধিত প্রতিযোগীদের বয়স ১১ থেকে ১৯ বছরের মধ্যে। তাদের বড় অংশ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নীলফামারী, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, খুলনা, নড়াইল, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ ১৪টি জেলা থেকে প্রতিযোগীরা আসছে। ফলে দেশের আটটি বিভাগের মধ্যে সাতটির প্রতিনিধিত্ব থাকছে এবারের জাতীয় পর্বে।

নিবন্ধনকারীদের অর্ধেকের বেশি এর আগে বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। একক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে নটর ডেম কলেজ থেকে।

এবারের জাতীয় পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম অংশে থাকবে লিখিত গাণিতিক পরীক্ষা। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি হিসেবে গণিতের দক্ষতা যাচাই করা হবে।

দ্বিতীয় অংশে শিক্ষার্থীরা মেশিন লার্নিং প্রতিযোগিতায় অংশ নেবে। এটি অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম কাগলে (Kaggle)। সেখানে প্রতিযোগীদের ডেটা ব্যবহার করে নির্দিষ্ট সমস্যার সমাধান করতে হবে।

দুই অংশের মূল্যায়নে ভালো করা শিক্ষার্থীরা পরবর্তী প্রশিক্ষণ ও দল নির্বাচনের ধাপে যাওয়ার সুযোগ পাবে। এ প্রক্রিয়ায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক সমস্যা সমাধানের দক্ষতাও বিবেচনা করা হবে।

জাতীয় পর্বে ভালো ফল করা শিক্ষার্থীদের নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই দিনের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ ২ ও ৩ নভেম্বর।

এরপর ৬ ও ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে টিম সিলেকশন টেস্ট বা দল নির্বাচনী পরীক্ষা। এই চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকেই ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের সদস্য মনোনীত করা হবে।

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।

দলের কোচ হিসেবে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান। একাডেমিক সমন্বয়কের দায়িত্বে আছেন তাসনিম মাহফুজ নাফিস।

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড স্কুল ও কলেজপর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে বিভিন্ন দেশের তরুণ মেধাবীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার পরীক্ষা দেয়।

বাংলাদেশের জাতীয় পর্ব থেকে শুরু করে প্রশিক্ষণ ও চূড়ান্ত দল নির্বাচন পর্যন্ত পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

//ডিবিটেক/টিএমএন/এসএমপি/এমআইএসটি//