চ্যাটজিপিটির ডেস্কটপ অ্যাপে যুক্ত হচ্ছে ‘চ্যাট’ ও ‘ওয়ার্ক’ ট্যাব

চ্যাটজিপিটির ডেস্কটপ অ্যাপে যুক্ত হচ্ছে ‘চ্যাট’ ও ‘ওয়ার্ক’ ট্যাব
৩ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬  

প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের ডেস্কটপ অ্যাপের ব্যবহারিক অভিজ্ঞতা আরও সহজ ও সুসংগঠিত করতে এক বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটি অ্যাপের ভেতরের ‘চ্যাট’ এবং ‘ওয়ার্ক’ ট্যাব দুটিকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে।

গ্রাহকদের কাছে পাঠানো এক ইমেইল বার্তার মাধ্যমে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছে ওপেনএআই। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ব্যবহারকারীকে এই আপডেটটি ব্যবহারের সুযোগ দিয়ে ফিডব্যাক নেওয়া হবে এবং পরবর্তীতে এটি পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করা হবে।

ব্যবহারকারীকেন্দ্রিক সুবিধা ও নতুন কাজের ধারা
বিদ্যমান ডেস্কটপ অ্যাপটিতে কোডিং সহায়ক 'কডেক্স' অংশের পাশাপাশি চ্যাট এবং ওয়ার্ক নামক দুটি ভিন্ন ট্যাব থাকায় নির্দিষ্ট প্রজেক্ট বা ফাইল খুঁজে পেতে প্রায়ই বিভ্রান্তিতে পড়তে হতো ব্যবহারকারীদের।

নতুন এই পরিবর্তনের ফলে একটিমাত্র ইন্টারফেসে থেকেই যেকোনো ভাবনার প্রাথমিক খসড়া তৈরি থেকে শুরু করে তা সরাসরি পূর্ণাঙ্গ কাজে রূপান্তর করা সম্ভব হবে। ব্যবহারকারীরা সহজেই তাঁদের নিজস্ব ফাইল এবং প্লাগইন যুক্ত করে ওয়েবসাইট তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত করা কিংবা ওয়েবের বিভিন্ন জটিল কাজ একই স্থান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

তবে প্রযুক্তিবিষয়ক বিশেষ কোডিং সহায়ক ফিচার ‘কোডেক্স’ আগের মতোই চ্যাটজিপিটি অ্যাপে একটি পৃথক মাধ্যম হিসেবে বিদ্যমান থাকবে।

টোকেন পুল ও বাজারে প্রতিযোগিতা
নতুন এই সমাকলনের ফলে চ্যাটজিপিটি এবং কোডেক্স- উভয় মাধ্যমই এখন থেকে ব্যবহারকারীর একক 'টোকেন অ্যালটমেন্ট' বা নির্ধারিত সাবস্ক্রিপশন সীমা থেকে চালিত হবে। ওপেনএআই জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারে এর প্রভাব না পড়লেও অতিরিক্ত ও ভারী ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের টোকেন রিসেট হওয়ার জন্য আগের চেয়ে কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

উল্লেখ্য, ওপেনএআইয়ের প্রধান প্রতিযোগী অ্যানথ্রোপিক গত সেপ্টেম্বরেই তাদের ‘ক্লড’ অ্যাপের চ্যাট এবং কো-ওয়ার্ক ফিচার দুটিকে এক স্ক্রিনে নিয়ে এসেছিল। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সেই ধারাবাহিকতা অনুসরণ করেই এবার ওপেনএআই তাদের ব্যবহারকারীদের জন্য নতুন এই ফিচার একত্রীকরণ উন্মোচন করল।

 ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ