উপাচার্য নিয়োগে অচলাবস্থা নিরসনের দাবি

চুয়েটে আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময়

  • আন্দোলনের পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে শিক্ষার্থীদের আলোচনা
  • ইউজিসির কমিটির ভূমিকা ও বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ
  • সমাধান দীর্ঘায়িত হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

চুয়েটে আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময়
১ নভেম্বর, ২০২৬ ১৮:০৯  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা নিরসন এবং আন্দোলনের দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন শিক্ষার্থীরা। ১ নভেম্বর, রবিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় আন্দোলনের সামগ্রিক পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত কমিটির ক্যাম্পাস সফর এবং শিক্ষার্থীদের সঙ্গে কমিটির অনুষ্ঠিত মতবিনিময় সভার বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন মতামত ও প্রশ্নের ভিত্তিতে আন্দোলনের বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করেন তাঁরা।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় তাঁরা ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘ইউজিসির কমিটি আমাদের যে হুমকি দিয়ে গিয়েছেন, এ ধরনের কথাবার্তা বলে আমাদের আন্দোলন কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। বর্তমান সরকার যথেষ্ট ছাত্রবান্ধব সরকার। কিন্তু আজ দীর্ঘ ৪০ দিন পার হলেও আমরা কোনো ধরনের সাড়া পাচ্ছি না, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘যে অবৈধ সিন্ডিকেট সভার মাধ্যমে ইউজিসির কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির সঙ্গেও আমরা বসেছি। কিন্তু আমাদের প্রতি তাঁদের আচরণ অত্যন্ত হতাশাজনক ছিল।

তারা সরাসরি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নাকি অন্ধকার, এমনকি আমাদের টিস্যু কেনার টাকাও তাঁরা দেবেন না। তাঁদের এমন বক্তব্যে আমরা আশাহত হয়েছি। এ সমাধান যত দীর্ঘায়িত হবে, আমরা তত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।’

//ডিবিটেক/সিআরএইচ/এসএমই/এমভিএনও//