চুয়েট সিন্ডিকেটে দুই প্রকৌশলী
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান
- উপাচার্যের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডিন
- ই-মেইলে দায়িত্ব দেওয়ার আগে সম্মতি নেওয়া হয়নি বলে অভিযোগ
- সিন্ডিকেটে দুই সরকার মনোনীত সদস্যের নিয়োগ অনুমোদন
উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। তার অভিযোগ, সম্মতি না নিয়েই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টন নিয়ে অসন্তোষের বিষয়টি সামনে এসেছে।
বস্তুত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করবেন জানিয়ে তার অনুপস্থিতিতে অধ্যাপক আবু কাউছারকে রুটিন দায়িত্ব পালনের কথা জানান। মঙ্গলবার ই-মেইল বার্তার মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকায় অবস্থান করব। এমতাবস্থায় আমার অনুপস্থিতিতে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার রুটিন দায়িত্ব পালন করবেন।’
তবে দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়ে অধ্যাপক আবু কাউছার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করে এ দায়িত্ব দেওয়া হয়নি। উনি (উপাচার্য) নিজে থেকে একটা ইমেইল লিখলেই কী আমি এ দায়িত্ব পালন করব? আমি উনাকে মুঠোফোনে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছি, প্রত্যাখ্যান করেছি। আমি উনাকে বলেছি, দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দেন। আমি এসবের মধ্যে নেই।’
সিন্ডিকেটে নতুন দুই সদস্য
এদিকে চুয়েটের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে সরকার মনোনীত সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন প্রকৌশলী মো. ইকবাল করিম ও প্রকৌশলী শফিকুল ইসলাম খান। আগামী দুই বছরের জন্য তাঁদের মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১ নভেম্বর, রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১৮(১)(চ) ও ১৮(২) ধারা অনুসারে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গবেষণা অথবা শিল্পপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত দুই সদস্যের মধ্যে প্রকৌশলী মো. ইকবাল করিম (এনডিসি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী। অন্যদিকে প্রকৌশলী শফিকুল ইসলাম খান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা আগের মনোনয়নসংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, মনোনীত দুই সদস্য আগামী দুই বছর চুয়েটের সিন্ডিকেটে দায়িত্ব পালন করবেন।
//ডিবিটেক/সিআরএইচ/এসএমই/এমআইএসটি//





