শেরপুরের সীমান্ত ঘেঁষা উপজেলার তথ্য মিলবে একই ডিজিটাল প্ল্যাটফর্মে

'মাই নালিতাবাড়ী' অ্যাপ ও ওয়েবসাইটের যাত্রা শুরু

  • নালিতাবাড়ী উপজেলার তথ্য ও সেবা প্রদানে 'মাই নালিতাবাড়ী' অ্যাপ চালু
  • উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক
  • স্থানীয় ইতিহাস, পর্যটন কেন্দ্র ও সরকারি সেবার ডিজিটাল সংযোগ

'মাই নালিতাবাড়ী' অ্যাপ ও ওয়েবসাইটের যাত্রা শুরু
২৭ অক্টোবর, ২০২৬ ২৩:২৯  

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ইতিহাস-ঐতিহ্য, দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবার তথ্য সহজে নাগরিকদের কাছে পৌঁছে দিতে চালু হয়েছে ‘মাই নালিতাবাড়ী’ (My Nalitabari) ওয়েবসাইট ও নতুন মোবাইল অ্যাপ। প্রান্তিক পর্যায়ে ডিজিটাল রূপান্তরের এই প্রচেষ্টা স্থানীয় অর্থনীতি ও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয়রা।

নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুমে ২৭ অক্টোবর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপটির শুভ উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

এসময় জানানো হয়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণ এবং ডায়নামিক ই-গভর্ন্যান্স ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এই বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হলো। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নাগরিকেরা এখন সরাসরি হাতের মুঠোয় উপজেলার সামগ্রিক ডাটাবেজ পাবেন।

'মাই নালিতাবাড়ী'র প্রতিষ্ঠাতা রোকুনুজ্জামান সেলিম জানান, উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য একটি সর্বজনীন প্ল্যাটফর্মে সমন্বিত করার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে। অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে যেকোনো নাগরিক প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে পারবেন, যা পরে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের যাচাই ও অনুমোদনের মাধ্যমে প্রকাশ করা হবে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও উদ্যোক্তারা তথ্য আদান-প্রদানের ডিজিটাল সুযোগ পাবেন। বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নালিতাবাড়ীর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও মধুটিলা ইকোপার্কের মতো পর্যটন কেন্দ্রগুলোর অনলাইন প্রচার বৃদ্ধিতে এটি সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইউএনও মো. আব্দুল মালেক বলেন, ইন্টারনেটে একটি নির্দিষ্ট অঞ্চলের তথ্য সহজে পাওয়া আধুনিক ডিজিটাল ব্যবস্থার প্রাথমিক শর্ত। তিনি উল্লেখ করেন, পূর্বে নালিতাবাড়ী সম্পর্কে জানার জন্য অনুসন্ধানের ওপর নির্ভর করতে হলেও এখন 'মাই নালিতাবাড়ী' প্ল্যাটফর্ম থেকে এক ক্লিকেই সব ডেটা পাওয়া যাবে। 'মাই নালিতাবাড়ী'র সহ-প্রতিষ্ঠাতা রুহুল আমিন, নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলামসহ ১২টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা এতে উপস্থিত ছিলেন। 

//ডিবিটেক/ডিআরআর/এমপিএন/এফওই//