বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রযুক্তি সহযোগিতা

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

  • তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
  • আইটিইউ কাউন্সিল নির্বাচনে সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার কৃতজ্ঞতা
  • দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ
২৯ অক্টোবর, ২০২৬ ১৭:২১  

তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

২৯ অক্টোবর, বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

তিনি দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ২০২৬ সালের নভেম্বরে দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিল নির্বাচনে অস্ট্রেলিয়াকে সমর্থন করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও তারা আশাবাদ জানান।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এসসি/এসএমপি/এমআইএসটি//