১২০ হার্টজ ডিসপ্লে, ৪৯০০ এমএএইচ ব্যাটারি

গ্যালাক্সি এআই নিয়ে স্যামসাংয়ের এস২৬ এফই

  • ওয়ান ইউআই ৯ ও গ্যালাক্সি এআই সুবিধা যুক্ত হয়েছে নতুন ফোনে।
  • তিন ক্যামেরার সঙ্গে রয়েছে নাইটোগ্রাফি ও এআইভিত্তিক ছবি সম্পাদনা।
  • ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ১,২১,৯৯৯ টাকা

গ্যালাক্সি এআই নিয়ে স্যামসাংয়ের এস২৬ এফই
১ নভেম্বর, ২০২৬ ১৬:১৩  

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্যালাক্সি এআই সুবিধা, উন্নত ক্যামেরা এবং ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই। গ্যালাক্সি এস২৬ সিরিজের এ ফোনে যুক্ত করা হয়েছে ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেস। দৈনন্দিন কাজ, ছবি তোলা ও বিনোদনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এতে বেশ কিছু এআই ও ক্যামেরা ফিচার রাখা হয়েছে।

ফোনটিতে গুগলের ‘সার্কেল টু সার্চ’ সুবিধার মাধ্যমে একটি ছবিতে থাকা একাধিক বস্তু একসঙ্গে খুঁজে পাওয়া যাবে। এ ছাড়া গ্যালাক্সি এআইয়ের হালনাগাদ ফিচার বিভিন্ন অ্যাপ ও নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তথ্য এবং সময়োপযোগী পরামর্শ দেবে। এতে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়ার প্রক্রিয়া সহজ হবে।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা—৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং তিন গুণ অপটিক্যাল জুম সুবিধার ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। কম আলোতে ছবি তোলার জন্য রয়েছে নাইটোগ্রাফি সুবিধা। চলার পথে ভিডিও ধারণের সময় দৃশ্য স্থির ও সমতল রাখতে সহায়তা করবে ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ ফিচার।

ক্যামেরায় আরও রয়েছে ‘মাই ফ্যানক্যাম’ ও ‘ফটো অ্যাসিস্ট’। মাই ফ্যানক্যাম ছবি তোলার সময় ক্যামেরায় থাকা ব্যক্তিকে অনুসরণ করে এবং তাঁর নড়াচড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্রেম স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নেয়। অন্যদিকে, ফটো অ্যাসিস্ট সুবিধায় সাধারণ ভাষায় নির্দেশনা লিখে ছবিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যাবে।

গ্যালাক্সি এস২৬ এফইতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। ফোনটির ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ৪৫ ওয়াটের তারযুক্ত চার্জিং সমর্থন করে। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে প্রায় ৩০ মিনিটে ব্যাটারির চার্জ শূন্য থেকে ৬৯ শতাংশ পর্যন্ত নেওয়া যাবে।

সফটওয়্যার হালনাগাদের ক্ষেত্রে ফোনটিতে সর্বোচ্চ সাত প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড এবং সাত বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্যামসাং।

৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের গ্যালাক্সি এস২৬ এফইর দাম ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা। উদ্বোধন উপলক্ষে গ্যাজেট অ্যান্ড গিয়ারে থাকছে ২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়া ক্রেতারা ৯ মাস অথবা ১৮ মাসের মেয়াদে শূন্য শতাংশ সুদে কিস্তি (ইএমআই) সুবিধা পাবেন। ৯ মাসের ইএমআই সুবিধা নিলে বিনামূল্যে একটি জেবিএল ক্লিপ ৫ পোর্টেবল স্পিকারও দেওয়া হবে।

//ডিবিটেক/এএইচসি/এসএমপি/এমভিএনও//