অপারেটর-নিরপেক্ষ সেবার নতুন উদ্যোগ

সবার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত’ আনছে বাংলালিংক

  • মাইবিএল অ্যাপের পরিবর্তে আসছে নতুন প্ল্যাটফর্ম ‘মুক্ত’
  • যেকোনো অপারেটরের গ্রাহক ও বিদেশি ব্যবহারকারীরাও নিতে পারবেন সেবা
  • এআইভিত্তিক ব্যক্তিগত সুপারিশের সঙ্গে থাকছে বিনোদন ও দৈনন্দিন সুবিধা

সবার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত’ আনছে বাংলালিংক
৩১ অক্টোবর, ২০২৬ ২০:২৩  

মোবাইল অপারেটরনির্ভরতার বাইরে গিয়ে টেলিযোগাযোগ, বিনোদন ও দৈনন্দিন জীবনের নানা ডিজিটাল সেবা একই প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘মুক্ত’ নামে নতুন অ্যাপ চালু করছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির বিদ্যমান সেলফ-সার্ভিস অ্যাপ মাইবিএলকে রূপান্তর করে তৈরি করা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন দেশের যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, বাংলাদেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের অন্য দেশের নম্বর দিয়েও এতে লগইন করা যাবে।

বাংলালিংকের দাবি, ‘মুক্ত’ বাংলাদেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক বা অপারেটর-নিরপেক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে একটি অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন সেবা নেওয়া যাবে। প্ল্যাটফর্মটিতে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ, সর্বশেষ খবর এবং খেলাধুলার আয়োজন দেখার মতো বিনোদনমূলক সুবিধার পাশাপাশি টেলিযোগাযোগ সেবা ও দৈনন্দিন প্রয়োজনভিত্তিক বিভিন্ন সেবা যুক্ত করা হবে।

অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সেবা ও পণ্য সুপারিশের ব্যবস্থা থাকবে। ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ বিশ্লেষণ করে ‘পার্সোনালাইজেশন’ ফিচার এসব সুপারিশ করবে। এ ছাড়া নিজের নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের মোবাইল নম্বরের জন্যও অ্যাপটি থেকে সেবা পরিচালনা করা যাবে।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, “গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো, সংযোগ সেবার বাইরেও তাঁদের নানা ধরনের প্রয়োজন রয়েছে, তা বোঝা। মানুষ তাদের ডিজিটাল জীবনকে কোনো নির্দিষ্ট মোবাইল অপারেটরের সেবার মধ্যে সীমাবদ্ধ রাখে না। তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্তর মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।”

‘মুক্ত’ চালুর মধ্য দিয়ে বাংলালিংকের ডিজিটাল সেবা দেওয়ার কৌশলেও পরিবর্তন আসছে। এতদিন প্রতিষ্ঠানটি মূলত নিজেদের গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা তৈরি করলেও নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সব মোবাইল অপারেটরের গ্রাহকদের কাছে সেবা পৌঁছানোর লক্ষ্য নিয়েছে।

গ্রাহককেন্দ্রিক ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাওয়ার ধারাবাহিকতায় ‘মুক্ত’ অ্যাপের মাধ্যমে দৈনন্দিন জীবনে ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলাই বাংলালিংকের লক্ষ্য।

//ডিবিটেক/এএফএএনএ/ এসএমপি/এমআইএসটি//