গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ রুখতে ১২ প্লাটুন মোতায়েন

শিল্পাঞ্চলে বিজিবির ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় লাইভ নজরদারি

  • শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে
  • কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে
  • শিল্পাঞ্চলে জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রযুক্তিনির্ভর এই নজরদারি অব্যাহত থাকবে

শিল্পাঞ্চলে বিজিবির ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় লাইভ নজরদারি
৩ নভেম্বর, ২০২৬ ১৩:০২  

গাজীপুর ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আধুনিক ড্রোন এবং বিজিবি সদস্যদের শরীরে যুক্ত বডি-ওর্ন (Body-worn) ক্যামেরার মাধ্যমে সরাসরি লাইভ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ নভেম্বর, মঙ্গলবার এসব অঞ্চলে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া ও মিরপুরসহ তৎসংলগ্ন সংবেদনশীল শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতিও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্রমতে, মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর বিশেষ জোর দিয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক ও শিল্প এলাকার সংযোগস্থলগুলোতে ড্রোনের মাধ্যমে ওপর থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। একই সাথে মাঠে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সরাসরি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রযুক্তিভিত্তিক আধুনিক নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

//ডিবিটেক/এনজেএনআর/এসএমপি/এমভিএনও//