যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন ডলারের কারখানা বানাবে অডি

যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন ডলারের কারখানা বানাবে অডি
২৬ অক্টোবর, ২০২৬ ০৯:৪১  

জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন (৪০০ কোটি) মার্কিন ডলারের এক বিশাল কারখানা বা অ্যাসেম্বলি প্ল্যান্ট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে জর্জিয়ার পেরিতে অনুষ্ঠিত এক প্রচারণায় যৌথভাবে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়।

রাজনৈতিক মঞ্চে উপস্থিতি নিয়ে সমালোচনা উঠলেও পদক্ষেটি সমর্থন করেছেন অডির প্রধান নির্বাহী (সিইও) গেরনট ডলনার। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং যে দেশে বিশাল অর্থ বিনিয়োগ করা হচ্ছে, সে দেশের রাষ্ট্রপ্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়েই তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন।

উৎপাদন ক্ষমতা ও শুল্কের প্রভাব
প্রস্তাবিত এই কারখানাটিতে বছরে প্রায় ২ লাখ স্পোর্টস ইউটিলিটি যানবাহন (এসইউভি) প্রস্তুত করা হবে; যা স্থানীয়ভাবে প্রায় ৪ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আগামী বছর থেকে নির্মাণকাজ শুরু হয়ে ২০৩০-এর দশকের শুরুর দিকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সেখানে অডির জনপ্রিয় Q7, Q8 এবং Q9 মডেলের গাড়িগুলো অ্যাসেম্বল বা সংযোজন করা হবে।

মূলত মার্কিন সরকারের কঠোর আমদানি শুল্ক নীতির কারণে কেবল গত বছরই অডিকে প্রায় ১২০ কোটি ইউরো (১৪০ কোটি ডলার) লোকসান গুনতে হয়েছিল। এতদিন যুক্তরাষ্ট্রে বিক্রিত সব গাড়িই ইউরোপ বা মেক্সিকো থেকে আমদানি করত প্রতিষ্ঠানটি। সেই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এবং শুল্কের ধাক্কা এড়াতেই দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রে নিজস্ব কারখানা তৈরির এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জার্মানিতে মিশ্র প্রতিক্রিয়া ও অনুমোদন বাকি
তবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রচারণার মঞ্চে গিয়ে ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর এই ঘটনা সহজে মেনে নিতে পারছে না জার্মানির শ্রমিক ইউনিয়নগুলো। দেশটির প্রভাবশালী ‘আইজি মেটাল’ ইউনিয়ন এর তীব্র সমালোচনা করে জানিয়েছে, এই পদক্ষেপে জার্মানির নিজস্ব শিল্প ও শ্রমিকদের অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।

অবশ্য লোয়ার স্যাক্সনি রাজ্যের প্রিমিয়ার ও ভক্সওয়াগেনের অন্যতম বৃহৎ শেয়ারহোল্ডার ওলাফ লিসের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে অডির প্রবৃদ্ধি হলে তা জার্মানির মূল অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বিশাল এই প্রকল্প বাস্তবায়নের আগে ভক্সওয়াগেন গ্রুপের সুপারভাইজরি বোর্ডের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স