নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপির সাথে প্রতিনিধি দলের বৈঠক

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎ প্ল্যান্টে বিনিয়োগে চায়না এনার্জির আগ্রহ

  • নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধি দল
  • দলটি পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে
  • জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎ প্ল্যান্টে বিনিয়োগে চায়না এনার্জির আগ্রহ
১ নভেম্বর, ২০২৬ ১১:৫১  

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসানের সঙ্গে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের একটি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর, ২০২৬, রবিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে নিজেদের বিনিয়োগের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানায়।

প্রতিনিধি দল জানায়, চীনের বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও প্রতিষ্ঠানটি এ খাতে কাজ করছে এবং বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

প্রতিমন্ত্রী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে জানান, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহিত করে আসছে এবং এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

প্রতিমন্ত্রী আরও জানান, পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা, তাই বন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে অন্যান্যের মধ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/কেএবিপি/এসএমই/এমভিএনও//