দেরীতে হাসপাতালে আসাকে মূল কারণ হিসেবে চিহ্নিত
ডেঙ্গুতে পুরুষের তুলনায় নারীদের মৃত্যু বেশি
- আগাম প্রস্তুতি ও পূর্বাভাসেই কমেছে ডেঙ্গুতে মৃত্যুহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত
- গত তিন বছরে দেশে ডেঙ্গুতে মোট ২ হাজার ৬৯২ জনের মৃত্যুর তথ্য উপস্থাপিত নলেজ হাবের প্রতিবেদনে
- সামাজিক ও চিকিৎসাগত কারণে নারীদের দেরিতে হাসপাতালে পৌঁছানো এবং মৃত্যুঝুঁকি বৃদ্ধির শঙ্কা
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সুনির্দিষ্ট আগাম প্রস্তুতি, আবহাওয়া ও রোগের পূর্বাভাস বিশ্লেষণ এবং সময়মতো চিকিৎসা সরঞ্জাম ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার ফলে দেশে উল্লেখযোগ্য হারে ডেঙ্গুতে মৃত্যুহার কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তিনি বলেন, ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে আগেভাগে পরিকল্পনা গ্রহণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ফলে এর সুফল পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘নলেজ হাব ইনস্টিটিউট’ আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ব্যবস্থার সহনশীলতা’ শীর্ষক এক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক স্বাস্থ্যগত প্রভাব’ শীর্ষক মূল প্রতিবেদন উপস্থাপন করেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম।
প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গুর পূর্বাভাস ও সংশ্লিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে জুলাই-আগস্ট মাস থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। এর ফলে স্যালাইন ও জরুরি চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করা সম্ভব হয়। তিনি নীতিনির্ধারকদের জন্যও আগাম সতর্কতার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিস্থিতি সম্পর্কে আগে ধারণা পাওয়া গেলে যথাসময়ে কার্যকর প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
নারীদের মৃত্যুর হার বেশি, দেরিতে হাসপাতালে আসা প্রধান কারণ
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে প্রতিমন্ত্রী জানান, পুরুষদের তুলনায় নারীদের মৃত্যুর সংখ্যা বেশি। এর পেছনে শুধু চিকিৎসাগত কারণই নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গিও দায়ী। অনেক পরিবারে নারীদের অসুস্থতাকে কম গুরুত্ব দেওয়া হয়, ফলে চিকিৎসা নিতে দেরি হয় এবং হাসপাতালে পৌঁছানোর আগেই শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তিনি উল্লেখ করেন, ডেঙ্গুতে মৃতদের বেশিরভাগই অসুস্থ হওয়ার তিন দিন বা তারও বেশি সময় পর হাসপাতালে এসেছেন। পুরুষ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রবণতা থাকলেও নারীদের ক্ষেত্রে সেই সচেতনতার অভাব দেখা যায়, যা পরিবর্তনে সামাজিক আন্দোলন প্রয়োজন।
জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তাপপ্রবাহ ও আর্দ্রতার স্বাস্থ্যগত প্রভাব মোকাবিলায় কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পৃথক তথ্য সংগ্রহ করে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। গবেষকদের আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তৈরি করে তা নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের তাগিদ দেন তিনি।
তিন বছরে ডেঙ্গুতে মৃত্যু ২,৬৯২ জনের
অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ২০২৩ সালে ১ হাজার ৭০৫ জন, ২০২৪ সালে ৫৭৫ জন এবং ২০২৫ সালে ৪১২ জন—অর্থাৎ গত তিন বছরে ডেঙ্গুতে মোট ২ হাজার ৬৯২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের দুই-তৃতীয়াংশ ঢাকার বাইরের হলেও মোট মৃত্যুর ৫৭ থেকে ৬৪ শতাংশই ঘটে ঢাকা শহরের হাসপাতালগুলোতে। এই চিত্র ডেঙ্গু ব্যবস্থাপনায় রোগী শনাক্তকরণ এবং প্রান্তিক অঞ্চলে চিকিৎসাসেবার প্রাপ্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/ডিএমও/এসএমই/এমভিএনও//





