সমাপনী ও পুরস্কার বিতরণ

রবি বোলার হান্টে ২৩ প্রতিভার স্বীকৃতি

  • ২৫ হাজারের বেশি নিবন্ধন থেকে বাছাই ১৪৩ সম্ভাবনাময় বোলার
  • চূড়ান্ত পর্বে ২১ জন বিজয়ী, বিশেষ পুরস্কার পেয়েছেন আরও দুজন
  • বিসিবির সঙ্গে অংশীদারত্বে তৃণমূল ক্রিকেটের প্রতিভা খুঁজছে রবি

রবি বোলার হান্টে ২৩ প্রতিভার স্বীকৃতি
২ নভেম্বর, ২০২৬ ১৯:৩২  

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নতুন ক্রিকেট প্রতিভা খুঁজে বের করতে আয়োজিত ‘রবি বোলার হান্ট’ থেকে উঠে এসেছেন ১৪৩ জন সম্ভাবনাময় বোলার। তাদের মধ্য থেকে চূড়ান্ত মূল্যায়নে ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশেষ পুরস্কার পেয়েছেন আরও দুজন। ২৫ হাজারের বেশি নিবন্ধন, দেশব্যাপী বাছাই এবং জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও মূল্যায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে তরুণ পেসার ও স্পিনার খুঁজে বের করার এই উদ্যোগ।

২ নভেম্বর ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবি বোলার হান্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেশের নয়টি ভেন্যুতে ট্রায়াল শেষে নির্বাচিত ১৪৩ জন বোলারের মধ্যে ৫৭ জন পেসার এবং ৮৬ জন স্পিনার। তাঁদের মধ্যে পুরুষ ১০৮ জন এবং নারী ৩৫ জন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ এবং নারী-পুরুষ উভয় বিভাগের বোলারদের অন্তর্ভুক্তি উদ্যোগটির ব্যাপকতা তুলে ধরেছে।

নির্বাচিত প্রতিযোগীরা ১ নভেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের বাছাই পর্বে অংশ নেন। সেখানে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির পর তাঁদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়। দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ৪২ জন বোলার ২ নভেম্বর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। চূড়ান্ত ট্রায়ালে অভিজ্ঞ কোচ ও ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁদের পারফরম্যান্স মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করেন। এ পর্যায়ে ২১ জন বিজয়ী হন এবং আরও দুজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বলেন, “বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়নে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি বোলার হান্টের মতো উদ্যোগ সম্ভাবনাময় ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরা এবং স্বীকৃতি পাওয়ার মূল্যবান সুযোগ করে দেয়। ক্রিকেটের উন্নয়নে রবির সম্পৃক্ততাকে আমরা সাধুবাদ জানাই। আশা করি, এই উদ্যোগ আরও অনেক তরুণ বোলারকে নিষ্ঠা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে উৎসাহিত করবে।”

রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “রবি বোলার হান্ট বাংলাদেশের তরুণ প্রতিভাদের জন্য অর্থবহ সুযোগ তৈরিতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রতিভা যেকোনো জায়গা থেকেই উঠে আসতে পারে। এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময় ক্রিকেটারদের নিজেদের দক্ষতা তুলে ধরার এবং স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখা এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করাই রবির লক্ষ্য।”

রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “রবি বোলার হান্ট সম্ভাবনাময় বোলারদের জন্য সুযোগ তৈরিতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন আরও অনেক তরুণকে ক্রিকেটে এগিয়ে আসতে এবং নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে।”

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ রবি বোলার হান্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশব্যাপী বাছাই কার্যক্রম শুরু হয় ২৭ সেপ্টেম্বর সিলেটে। সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ঢাকার দুটি স্থানসহ মোট আটটি ভেন্যুতে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। খুলনার ভেন্যুতে বরিশালের অংশগ্রহণকারীরাও অংশ নেওয়ার সুযোগ পান।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পেস বোলিং হান্ট ও স্পিন বোলিং হান্ট আয়োজন করেছে রবি। এসব উদ্যোগের মাধ্যমে এবাদত হোসেন ও রিশাদ হোসেনের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের খুঁজে বের করা সম্ভব হয়েছে।

//ডিবিটেক/ডিএইচই/জেআইপি/এমআইএইসটি//