ফিনল্যান্ডে বৈশ্বিক ক্যারিয়ারে মোস্তাফিজুর

গুগল ডেটা সেন্টারে লিডিং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী

  • ফিনল্যান্ডের হামিনায় গুগল ডেটা সেন্টারের LPP7A প্রকল্পে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান
  • ইইই বিভাগের ২৬তম ব্যাচের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে এমএসসির শেষ সেমিস্টারে
  • অ্যালুমনাই নেটওয়ার্ককে আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিভাগ

গুগল ডেটা সেন্টারে লিডিং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী
২৩ অক্টোবর, ২০২৬ ১৯:০২  

ফিনল্যান্ডের হামিনায় অবস্থিত গুগল ডেটা সেন্টারের LPP7A প্রকল্পে জেনারেল অপারেটিভ (ইলেকট্রিক্যাল) পদে যোগ দিয়েছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক প্রযুক্তি অবকাঠামো খাতে তাঁর এ পেশাগত অর্জনের পাশাপাশি তিনি ফিনল্যান্ডে মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রামের শেষ সেমিস্টারে অধ্যয়ন করছেন।

মোস্তাফিজুর রহমানের এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মোস্তাফিজুরের নিষ্ঠা, কারিগরি দক্ষতা ও উদ্ভাবনী মানসিকতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তিনি তাঁর উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি ইইই বিভাগের শিক্ষা, দিকনির্দেশনা ও পেশাগত সংযোগেরও প্রতিফলন।

বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার গুণগত মান বাড়ানোর পাশাপাশি বর্তমান শিক্ষার্থী ও অ্যালুমনাইদের মধ্যে সম্পর্ক জোরদারে উদ্যোগী ভূমিকা পালন করছেন। তার উদ্যোগে গড়ে ওঠা নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে বৈশ্বিক চাকরির বাজার, উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ পাচ্ছেন।

‘বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে অ্যালুমনাইদের অবস্থান বর্তমান শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ক্যারিয়ার, পেশাগত রেফারেল ও বৃত্তির সুযোগ খুঁজতেও সহায়ক হতে পারে। মোস্তাফিজুর রহমানের মতো সাবেক শিক্ষার্থীদের অর্জন তাঁদের সামনে বৈশ্বিক পর্যায়ে কাজ করার সম্ভাবনা তুলে ধরছে এবং বড় লক্ষ্য নির্ধারণে আত্মবিশ্বাস জোগাচ্ছে’- যোগ করেন বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক ।

বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, মানসম্মত শিক্ষা ও আন্তর্জাতিক মানের গবেষক-প্রকৌশলী তৈরির লক্ষ্যে ইইই বিভাগের সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে। বিভাগটির প্রত্যাশা, শিক্ষার্থী ও অ্যালুমনাইদের এই সংযোগ ভবিষ্যতেও নতুন প্রজন্মের প্রকৌশলীদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

//ডিবিটেক/এসকেএইচআর/এমআইএস/এমভিএনও//