সপ্তাহজুড়ে থাকছে সুরক্ষা
রাইডারদের বিনামূল্যে দুর্ঘটনা বিমা
- সপ্তাহে এক ডেলিভারিতেই মিলবে বিমা
- মৃত্যুতে আর্থিক সহায়তা এক লাখ টাকা
- প্যান্ডাহার্টস কর্মসূচিতে নিরাপত্তা অগ্রাধিকার
ফুড ডেলিভারি রাইডারদের নিরাপত্তায় বিনামূল্যে সার্বক্ষণিক দুর্ঘটনা বিমা সুবিধা চালু করেছে দেশের অনলাইন খাদ্য ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে ফুড ডেলিভারি রাইডারদের নিরাপত্তায় এটি প্রথম এ ধরনের উদ্যোগ। সপ্তাহে অন্তত একটি ডেলিভারি সম্পন্ন করলেই একজন রাইডার পুরো সপ্তাহজুড়ে যেকোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে এ বিমা সুবিধার আওতায় থাকবেন।
সম্প্রতি এ সুবিধা চালুর লক্ষ্যে ফুডপ্যান্ডা বাংলাদেশ ও ডিজিটাল বিমা প্ল্যাটফর্ম বিমাফাইয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপ্যান্ডার সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও জুবায়ের বিএ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় দুর্ঘটনায় কোনো রাইডারের মৃত্যু হলে অথবা তিনি স্থায়ী অক্ষমতার শিকার হলে সর্বোচ্চ ১ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। একই পরিমাণ সহায়তা প্রযোজ্য হবে দুর্ঘটনায় উভয় চোখের দৃষ্টিশক্তি হারানো অথবা একাধিক অঙ্গহানির ক্ষেত্রেও।
এ ছাড়া একটি চোখের দৃষ্টিশক্তি হারানো কিংবা একটি হাত বা পা হারানোর মতো স্থায়ী আংশিক ক্ষতি বা অক্ষমতার ক্ষেত্রে রাইডাররা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর রহমান খান বলেন, রাইডাররা প্রতিনিয়ত সেবা দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখছেন। তাই তাদের নিরাপত্তা ও ভালো থাকাকে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। রাইডাররা যাতে নির্ভার পরিবেশে কাজ করতে পারেন এবং সড়কে চলাচলের সময় সবসময় সুরক্ষিত বোধ করেন, এ উদ্যোগের লক্ষ্য সেটিই।
দুর্ঘটনা বিমা সুবিধাটি ফুডপ্যান্ডার ‘প্যান্ডাহার্টস’ নামের রাইডার কল্যাণ কর্মসূচির অংশ। এ কর্মসূচিতে রাইডারদের নিরাপত্তা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা ও কল্যাণ—এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।
দুর্ঘটনা বিমার পাশাপাশি রাইডারদের জন্য স্বল্প খরচে স্বাস্থ্যসেবা সুবিধাও দিচ্ছে ফুডপ্যান্ডা। একই সঙ্গে বিশেষ সুবিধায় মোবাইল ডেটা প্যাকেজ কেনার সুযোগ এবং ই-বাইক কেনার ক্ষেত্রে কিস্তি সুবিধাও দেওয়া হচ্ছে।
রাইডারদের কর্মপরিবেশ ও কল্যাণে এসব সুবিধার মাধ্যমে দুর্ঘটনাজনিত আর্থিক ঝুঁকি কমানোর পাশাপাশি স্বাস্থ্য, যোগাযোগ ও ব্যক্তিগত চলাচলের প্রয়োজনেও সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/এফপিএএইচ/ডিএসই/এফও//





