মিরাজের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড

ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ ওয়ালটনের লক্ষ্য শিরোপা

  • আইকন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে ঘিরে ২৩ সদস্যের দল গড়েছে ওয়ালটন
  • তাসকিনকে ২ কোটি ১০ লাখ, লিটনকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি
  • তিন সংস্করণের টুর্নামেন্টে ওয়ালটনের কোচ জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক

ডি-থ্রি ট্রফিতে তারকাসমৃদ্ধ ওয়ালটনের লক্ষ্য শিরোপা
২৭ অক্টোবর, ২০২৬ ১৫:১০  

জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রতিযোগিতা ডি-থ্রি ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন। আইকন ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে পাওয়ার পাশাপাশি নিলাম থেকে লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, নাসুম আহমেদ ও মার্শাল আইয়ুবের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দল নিয়ে শিরোপার ব্যাপারে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ ও কোচিং স্টাফ।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সোমবার (২৬ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত ডি-থ্রি ট্রফির খেলোয়াড় নিলামে ২৬৯ জন ক্রিকেটারকে তোলা হয়। সকাল ১০টায় শুরু হওয়া নিলাম চলে প্রায় আট ঘণ্টা। ভারতের অভিজ্ঞ নিলামকারী চারু শর্মার সঞ্চালনায় এতে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল আগে থেকে নির্ধারিত একজন আইকন ক্রিকেটারের পাশাপাশি নিলাম থেকে ২২ জন করে খেলোয়াড় বেছে নেয়। ফলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ জন ক্রিকেটার।

তাসকিন-লিটনকে পেতে বড় বিনিয়োগ

নিলামে ওয়ালটনের অন্যতম বড় সংযোজন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাঁকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিটি ব্যয় করেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে নেওয়া হয়েছে ১ কোটি ৫৫ লাখ এবং অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে।

এ ছাড়া নাসুম আহমেদকে ৬৯ লাখ, আরিফুল ইসলামকে ৬২ লাখ, মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন।

বোলিং আক্রমণ শক্তিশালী করতে তাসকিন ও নাসুমের পাশাপাশি তরুণ পেসার মো. ইকবাল হাসান ইমনকে ৬৬ লাখ পয়েন্টে দলে নেওয়া হয়েছে। প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার সামিউন বাসির রাতুলের জন্য ব্যয় হয়েছে ৫৪ লাখ পয়েন্ট। হাবিবুর রহমান সোহান ও রেজাউর রহমান রাজাকে নেওয়া হয়েছে ৩২ লাখ পয়েন্ট করে।

দলের শক্তির জায়গা হিসেবে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদের সামর্থ্যকে গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, লিটনের ব্যাটিং, তাসকিনের পেস এবং মুমিনুলের দীর্ঘ সংস্করণের ক্রিকেটে অভিজ্ঞতা দলকে এগিয়ে নিতে পারে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। নাসুমের স্পিন এবং রনি ও মার্শালের ব্যাটিং অভিজ্ঞতাও তিন সংস্করণের প্রতিযোগিতায় কাজে লাগতে পারে।

কোচ আবদুর রাজ্জাক, প্রতিনিধি আমিন খান

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার আবদুর রাজ্জাক। নিলাম শেষে দল গঠন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, নিলামের কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পেয়েছে। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে।

নিলামে ওয়ালটনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। দল গঠন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ওয়ালটন। খেলোয়াড়দের সামর্থ্য ও অভিজ্ঞ কোচের নেতৃত্বে দলটি ভালো ক্রিকেট উপহার দিতে পারবে বলে তাঁর বিশ্বাস।

আমিন খান বলেন, “সবারই প্রত্যাশা থাকে তার টিমটা জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিমটা অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, আমরা ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।”

দলে মিরাজ ও লিটনের মতো জাতীয় দলের অধিনায়কত্বের অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার থাকলেও এখনো অধিনায়ক চূড়ান্ত হয়নি। কোচ আবদুর রাজ্জাক জানান, দলের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক নির্বাচন করা হবে।

নতুন দায়িত্ব উপভোগ করছেন জানিয়ে রাজ্জাক বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকা, মাঠের কাছাকাছি সময় কাটানো এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর জন্য আনন্দের। তবে ব্যক্তিগত ভালো লাগার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন এবং দলকে ভালো ফল এনে দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

তিন সংস্করণে লড়াই

ডি-থ্রি ট্রফির বিশেষত্ব হলো একই প্রতিযোগিতায় টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটের আয়োজন। ছয় ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে তিন সংস্করণেই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে দলগুলোকে। অভিজ্ঞ তারকা, তরুণ ক্রিকেটার ও কোচিং স্টাফের পরিকল্পনা কাজে লাগিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় ওয়ালটন।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, মো. ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

//ডিবিটেক/ডিব্লউএমএসএম/এসএমই/এমভিএনও//