আইসিসিবিতে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিচ্ছে ২০টির বেশি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান
ঢাকায় ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন খাতের ৬টি আন্তর্জাতিক প্রদর্শনী
- রাজধানীর আইসিসিবিতে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর সেমস-গ্লোবাল ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ৬টি আন্তর্জাতিক প্রদর্শনী
- প্রদর্শনীগুলোতে থাকছে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, শ্রীলঙ্কা প্যাভিলিয়ন এবং ৫০০টির বেশি বুথ
- প্রদর্শনী চালুর বিষয়ে রাজধানীর সেমস বাংলাদেশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য বিস্তারিত তুলে ধরেন সিইও ও কর্মকর্তারা
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৮তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস এবং ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোসহ মোট ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী।
সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত এই সমন্বিত মেলা উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সেমস বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে মেহেরুন এন. ইসলাম, তানভীর কামরুল ইসলাম, মাহমুদ রিয়াদ হাসান ও মো. আল-আমিন উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই মেলায় বিল্ড সিরিজের অধীনে ৩১তম বিল্ড বাংলাদেশ এক্সপো ও ২৫তম রিয়েল এস্টেট এক্সপো; পাওয়ার সিরিজের অধীনে ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ ও ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল লাইটিং এক্সপো; এবং পানি খাতের সমাধান নিয়ে ৮ম ওয়াটার বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে মেলায় বিশেষ শ্রীলঙ্কা প্যাভিলিয়ন থাকছে। এছাড়া প্রদর্শনীগুলোর অন্যতম আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার এবং ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার, যার হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে বিল্ড বাংলাদেশ এক্সপো এবং কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে বিশ্বব্যাংক গ্রুপের আইএফসি।
এবারের আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের ২০টিরও বেশি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান ৫০০টির বেশি বুথে তাদের আধুনিক নির্মাণসামগ্রী, বিল্ডিং প্রযুক্তি, লিফট, এইচভিএসি, সোলার মডিউল, ইনভার্টার, স্মার্ট লাইটিং এবং ওয়াটার পিউরিফিকেশন ও ডিস্যালিনেশন সমাধান প্রদর্শন করবে। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আইসিসিবিতে প্রদর্শনীগুলো দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে।
//ডিবিটেক/এএইচকে/এসএমই/এমভিএনও//





