মূল বক্তা হিসেবে থাকছেন এপনিকের মহাপরিচালক জিয়া রং লো; নিবন্ধনের শেষ সময় ৮ নভেম্বর

কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন ও কর্মশালা ১১ নভেম্বর থেকে: চলছে নিবন্ধন

  • ১১–১৩ নভেম্বর কারিগরি কর্মশালা এবং ১৪ নভেম্বর লং বিচ হোটেলে অনুষ্ঠিত হবে মূল সম্মেলন
  • যৌথ আয়োজনে আইএসপিএবি এবং সার্বিক সহযোগিতায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল
  • ইন্টারনেট পরিকাঠামো, নেটওয়ার্ক পরিচালনা ও প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে জোর

কক্সবাজারে বিডিনগের ২২তম সম্মেলন ও কর্মশালা ১১ নভেম্বর থেকে: চলছে নিবন্ধন
১ নভেম্বর, ২০২৬ ০৯:১০  
১ নভেম্বর, ২০২৬ ১৫:১৬  

দেশের ইন্টারনেট ইকোসিস্টেমের বিকাশ, নেটওয়ার্ক প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি সক্ষমতা জোরদারে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও প্রযুক্তিগত কর্মশালা। এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণের জন্য দেশব্যাপী পেশাজীবীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর ১৪ নভেম্বর পর্যটন নগরী কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী মূল সম্মেলন। আয়োজনটিতে সহ-আয়োজক হিসেবে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।

এবারের সম্মেলনে আন্তর্জাতিক পর্যায় থেকে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক/APNIC) মহাপরিচালক জিয়া রং লো। এ ছাড়া বিডিনগ ও আইএসপিএবির শীর্ষ নেতৃত্বসহ দেশি-বিদেশি খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রশিক্ষকেরা বিভিন্ন সেশনে কারিগরি দিকনির্দেশনা দেবেন।

আয়োজনের গুরুত্ব তুলে ধরে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভুঁঞা বলেন, দেশের প্রকৌশলীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে আইএসপিএবি বর্তমানে বছরে চারটি বড় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। তবে ক্রমবর্ধমান চাহিদার কারণে প্রকৌশলীদের জন্য দেশজুড়ে আরও আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন, যাতে প্রতি মাসেই নিবিড় প্রশিক্ষণ নিশ্চিত করা যায়। তিনি গর্ব প্রকাশ করে জানান, বাংলাদেশের প্রকৌশলীরা নিজস্ব মেধা দিয়ে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সম্মেলনে অংশ নেওয়া প্রকৌশলীরা রাউটিং, ক্লাউড নেটওয়ার্কিং, ইন্টারনেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এবং সাইবার সিকিউরিটি সংক্রান্ত আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। আয়োজকেরা জানিয়েছেন, আগ্রহীদের নির্দিষ্ট ওয়েব পোর্টাল—https://rego.bdnog.org/—লিংকে প্রবেশ করে আগামী ৮ নভেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে ৩১ অক্টোবর, শনিবার  ঢাকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। 

//ডিবিটেক/এইচএএইচ/এসএমপি/এমআইএসটি//