ওয়ালেটে অর্থ পৌঁছাবে দ্রুত
ওয়ান ব্যাংকের সঙ্গে নগদের রেমিট্যান্স চুক্তি
- ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় সরাসরি নগদ ওয়ালেটে পৌঁছানোর সুবিধা
- প্রত্যন্ত অঞ্চলেও ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহারের সুযোগ
- ন্যানো ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সরাসরি গ্রাহকের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে ওয়ান ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির মাধ্যমে পাঠানো বৈধ রেমিট্যান্স নগদ ওয়ালেটে গ্রহণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ঋণ ও মাসিক সঞ্চয় প্রকল্পের (ডিপিএস) কিস্তি পরিশোধের সুবিধা চালুর সম্ভাব্যতাও যাচাই করবে দুই প্রতিষ্ঠান।
রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে সম্প্রতি চুক্তিটি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া এবং ওয়ান ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম।
প্রত্যন্ত অঞ্চলে রেমিট্যান্স পৌঁছানোর লক্ষ্য
চুক্তির ফলে বিদেশে অবস্থানরত প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারবেন। ওয়ান ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ নগদ ওয়ালেটে পৌঁছানোর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে গ্রাহকেরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, “ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকদের কাছে নগদ ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিধি আরও বাড়বে। বিশেষ করে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়ার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেকোনো সময় এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আমরা আশা করি ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা যুক্ত হলে গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে।”
ঋণ ও সঞ্চয়ের কিস্তি পরিশোধের সম্ভাবনা
রেমিট্যান্স বিতরণের পাশাপাশি ওয়ান ব্যাংকের ন্যানো ঋণসহ অন্যান্য ঋণ এবং ডিপিএসের কিস্তি নগদের মাধ্যমে পরিশোধের সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান। তবে এসব সেবা চালুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম বলেন, “সারাদেশে নগদের বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে যেসব প্রত্যন্ত এলাকায় ব্যাংকের ব্রাঞ্চ খোলা সম্ভব হয় না, সেসব এলাকাতেও নগদের মাধ্যমে রেমিট্যান্স বিতরণের পাশাপাশি ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা। একইসঙ্গে নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আমরা নিত্যনতুন সেবা চালু করতে চাই।”
দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের রেমিট্যান্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান এবং পাইক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
ওয়ান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফর, পাবলিক সেক্টর ডিভিশনের ইভিপি এ কে এম সালাহ উদ্দিন খান, আন্তর্জাতিক বিভাগের ইন-চার্জ চৌধুরী মাকসুদুল হক, পাবলিক সেক্টর ডিভিশনের ভিপি আসমা নূরজাহান এবং রেমিট্যান্স বিভাগের ইন-চার্জ এ কে এম আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
//ডিবিটেক/এলআরএন/এসএমই/এমভিএনও//





