টিউশনের টাকায় আসছে তারুণ্যের ছবি 'অন্যপাতা'
টিউশনের টাকায় আসছে তারুণ্যের ছবি 'অন্যপাতা'
- টিউশনের টাকা ও হাতখরচ বাঁচিয়ে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'অন্যপাতা'
- দেশের ১০টি প্রেক্ষাগৃহে প্রথম ধাপে আগামী ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে
- বুয়েট, চুয়েট, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে ৪০ সদস্যের দল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের দুই বছরের অক্লান্ত পরিশ্রমে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'অন্যপাতা' আগামী ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে। গণমাধ্যমকর্মীদের জানানো হয়, কোনো বড় প্রযোজনা সংস্থা বা বিনিয়োগকারী ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং টিউশনের টাকা ও হাতখরচ বাঁচিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়ের নানা সংগ্রাম, মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন এবং তারুণ্যের স্বপ্নকে সেলুলয়েডের ফিতায় রূপ দিয়েছেন এই তরুণ নির্মাতারা।
১ ঘণ্টা ৪০ মিনিটের এই চলচ্চিত্রে রয়েছে ছয়টি মৌলিক গান ও আবহসংগীত। প্রথম ধাপে দেশের ১০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, ঢাকার শ্যামলী সিনেমা, চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড শাখা, সুগন্ধা সিনেপ্লেক্স, কুমিল্লা ক্যান্টনমেন্টের কে স্ক্রিন, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মমো ইন সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স। ছয়জন বন্ধু দিয়ে শুরু হওয়া এই যাত্রায় এখন ৪০ জনেরও বেশি সদস্য যুক্ত হয়েছেন, যারা ক্যামেরার সামনে ও পেছনে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
চলচ্চিত্রটির পরিচালনা ও চিত্রনাট্য করেছেন চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। তাঁর ভাষ্যমতে, কোভিডকালে প্রথম শর্ট ফিল্ম বানানোর পর অমিতাভ রেজার পরামর্শে টানা তিন বছর চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করে তিনি এই কাজে হাত দিয়েছেন। সিনেমাটির প্রযোজক ও সহকারী পরিচালক অংকন দে অনিমেষ জানান, ইন্ডাস্ট্রিতে যোগাযোগ না থাকায় এবং অভিজ্ঞতা না থাকায় শুরুতে তাঁদের বিভিন্ন জটিলতা ও আর্থিক প্রতারণার মুখোমুখি হতে হয়। তবে সব বাধা পেরিয়ে ছবিটি আজ বড় পর্দায় আসার উপযোগী হয়েছে। অপর প্রযোজক বুয়েটের শিক্ষার্থী আবতাহী শামস একে নিজের স্বপ্নপূরণের এক অনন্য অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন।
সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা পাল ছবিটির সাফল্য নিয়ে শতভাগ আশাবাদী। কারিগরি ও শিল্প নির্দেশনায় ইন্দ্র নীল, চিত্রগ্রহণে ইব্রাহিম বিন আনছারী, সংগীত পরিচালনায় ফাহরিয়ান তাসজিম মনন এবং আবহসংগীতে আইনান কাজ করেছেন। কোচিং, ব্যাচ ও মডেল টেস্টের ভীড়ে মধ্যবিত্ত পরিবারের এক তরুণের ভর্তি-যুদ্ধের লড়াই, অর্থনৈতিক সংকট এবং ভালোবাসার মোড় নিয়েই সাজানো হয়েছে 'অন্যপাতা'র চিত্রনাট্য। নির্মাতারা আশা করছেন, বড় পর্দায় এই গল্পের মধ্যে দর্শকেরা নিজেদেরই খুঁজে পাবেন এবং বাংলা চলচ্চিত্রের ধারায় এটি একটি ভিন্নধর্মী সংযোজন হবে।
//ডিবিটেক/সিআরএইচ/এসএমই/এফওইডি//





