বিশ্বব্যাপী পেমেন্টে ২৪ ঘণ্টা ইউএসডিসি তহবিল চালুর ঘোষণা ভিসার
গ্লোবাল পেমেন্ট বা আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ও স্টেবলকয়েনের ব্যবহার আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বিশ্বখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক ভিসা।
সারাবছর ২৪ ঘণ্টা মার্কিন ডলার-পেগড স্টেবলকয়েন ‘ইউএসডিসি’-এর মাধ্যমে বাণিজ্যিক তহবিল সংগ্রহের সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সার্কেল-এর তৈরি এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করে আন্তর্জাতিক পেমেন্ট প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার লক্ষ্যে পেমেন্ট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ‘ইনয়ো গ্লোবাল’-এর সঙ্গে অংশীদারত্ব করেছে ভিসা।
গত বছর সফলভাবে এই পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করার পর এবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক প্ল্যাটফর্মে এটি যুক্ত করা হলো।
কার্যপদ্ধতি ও লেনদেনের সুবিধা
নতুন এই ব্যবস্থার ফলে যোগ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইনয়োর বিস্তৃত পেমেন্ট কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক পরিশোধ বা আউটপেমেন্টের কাজ সরাসরি ইউএসডিসি দিয়ে সম্পন্ন করতে পারবে।
বর্তমানে ইনয়োর নেটওয়ার্ক বিশ্বের ১৮০টিরও বেশি দেশে দেশীয় ও আন্তর্জাতিক পেমেন্ট সেবা প্রদান করছে। ঐতিহ্যগত প্রি-ফাইন্ডিং মডেলে লেনদেন প্রক্রিয়াকরণের আগে বিশেষ অ্যাকাউন্টে অর্থ জমা রাখতে হয়, যা সীমান্ত পেরিয়ে পেমেন্ট পাঠানোর ক্ষেত্রে বেশ সময়সাপেক্ষ।
তবে ভিসার এই নতুন সেবার ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ন্যূনতম সময়ে বা প্রায় রিয়েল-টাইমে তাদের তহবিলের ব্যবস্থা করতে পারবে, যদিও চূড়ান্ত অর্থ প্রাপকের কাছে পৌঁছানোর সময় সংশ্লিষ্ট বাজারের ধরন ও পদ্ধতির ওপর নির্ভর করবে।
ক্রিপ্টো পেমেন্টের ক্রমবর্ধমান প্রসার
বিশ্বজুড়ে ডিজিটাল মুদ্রা এবং ক্রিপ্টোকারেন্সি কার্ডের লেনদেন এখন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর আগে ক্রিপ্টো প্ল্যাটফর্ম মেক্সসি-এর পক্ষ থেকেও ভিসা-চালিত গ্লোবাল কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছিল।
ব্লকচেইন ও স্টেবলকয়েনের এই ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা প্রথাগত ব্যাংকিং ও বৈশ্বিক বাণিজ্যিক লেনদেনের ব্যবস্থায় এক বড় ধরনের রূপান্তর ঘটাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি ও অর্থনীতি বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: গ্যাজেটস৩৬০





