জাপানে শিগগিরই রোবোট্যাক্সির পরীক্ষা চালাবে ওয়েমো ও টয়োটা
স্বয়ংক্রিয় বা চালকবিহীন গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান ‘ওয়েমো’ এবং বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা জায়ান্ট ‘টয়োটা’ যৌথভাবে জাপানে রোবোট্যাক্সি পরীক্ষার নতুন পরিকল্পনা প্রকাশ করেছে।
বিগত ২০২৫ সালের এপ্রিলে স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় ২০২৭ সাল থেকে জাপানের সড়কে টয়োটার তৈরি ‘বিজেড৪এক্স’ মডেলের বৈদ্যুতিক গাড়ির স্বয়ংক্রিয় চালকহীন সংস্করণ নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কারখানাতেই প্রযুক্তির সরাসরি সংযোজন
টয়োটা জাপানের আইচি প্রিফেকচারের ‘তাকাওকা’ কারখানায় এই বিজেড৪এক্স অল-ইলেকট্রিক গাড়িগুলো উৎপাদন করবে। উৎপাদন চলাকালীন সরাসরি অ্যাসেম্বলি লাইনেই এতে ওয়েমোর লেভেল-৪ স্বায়ত্তশাসিত ড্রাইভিং প্রযুক্তি যুক্ত করা হবে।
উৎপাদনকালেই প্রযুক্তি যুক্ত করার ফলে আলাদা করে গাড়িতে হার্ডওয়্যার ও সেন্সর বসানোর ঝক্কি কমবে, যা চালকহীন প্রযুক্তির দ্রুত ও ব্যাপক বাণিজ্যিক সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। কোম্পানি দুটির দাবি, আন্তর্জাতিক পরিসরে নিরাপদ ও স্বয়ংক্রিয় বাণিজ্যিক ড্রাইভিং সেবা ছড়িয়ে দিতে দুই প্রতিষ্ঠানের যৌথ প্রযুক্তি ও অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখবে।
জাপানের পর যুক্তরাজ্যের বাজার
জাপানে এই পরীক্ষা-নিরীক্ষা সফল হওয়ার পর পর্যায়ক্রমে ব্রিটেনসহ যেসব দেশে ডান দিকে স্টিয়ারিং ও চালকের আসন (রাইট-হ্যান্ড ড্রাইভ) ব্যবস্থা চালু রয়েছে, সেসব দেশের বাজারেও ওয়েমোর এই বিশেষ বহর উন্মোচন করা হবে।
প্রতিষ্ঠানটি আগে থেকেই জাপানে জাগুয়ার আই-পেস মডেলের চালকহীন ট্যাক্সি পরীক্ষা চালিয়ে আসছিল এবং দেশটির স্থানীয় ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান 'নিহন কোৎসু'-র মাধ্যমে সফটওয়্যার প্রশিক্ষণের কাজ পরিচালনা করছিল। আগামী বছরেই টোকিওতে বাণিজ্যিক স্বয়ংক্রিয় রাইড-হেইলিং সেবা চালু করার পরিকল্পনা থাকলেও, সরাসরি কারখানায় তৈরি বিজেড৪এক্স মডেলগুলো ঠিক কবে থেকে সাধারণ যাত্রীদের সেবায় যুক্ত হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





