এক দিনের জন্য
চুয়েট উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার
- চুয়েট উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন
- ইউজিসির সভায় যোগ দিতে ঢাকায় গেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম
- ১ নভেম্বর বিকেল থেকে আগামী ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বহাল থাকবে এই দায়িত্ব
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদটি তৈরি করেছেন মো. রাকিব হাসান।
১ নভেম্বর, ২০২৬, রবিবার এক ই-মেইল বার্তায় রুটিন দায়িত্বের বিষয়টি জানানো হয়। ওই বার্তায় উপাচার্য উল্লেখ করেন, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী অধ্যাপক দেলোয়ার হোসেনকে তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের অনুরোধ ও ক্ষমতা দেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক দেলোয়ার হোসেন এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন একে “একটি রেগুলার ইস্যু” বলে কল কেটে দেন।
অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম জানান, “দাপ্তরিক কাজে আমি ঢাকা গমন করছি। আমার অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন রুটিন দায়িত্ব পালন করবেন।”
//ডিবিটেক/মো: রাকিব হাসান/এসএমই/এমভিএনও//





