নবায়নযোগ্য জ্বালানিতে নতুন উদ্যোগ
ছাদে সৌরবিদ্যুৎ, সংসদে আসছে আইন
- আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন আইন পাসের উদ্যোগ
- সৌরবিদ্যুৎ ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে তালিকাভুক্ত ৮ হাজার ৬০০ সেবাদাতা
- জ্বালানি সংকট মোকাবিলায় ভর্তুকি ও এলএনজি টার্মিনাল বাড়ানোর পরিকল্পনা
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার বাড়ানো, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। এসব উদ্যোগের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
৩১ অক্টোবর, শনিবার রাজধানীতে নিউএজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে উদ্ভূত জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা রাতারাতি সমাধান হবে না। তবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনগণের ওপর জ্বালানির ঘাটতির চাপ কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে আইন
সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে। এ ছাড়া ভালুকায় ‘ডোমেস্টিক রুফটপ প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের বাজারে সৌরবিদ্যুৎ পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সজাগ, সচেতন ও সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় এ বিষয়ে বিশেষ নজরদারি থাকবে।
মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে ইতোমধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে। সৌরবিদ্যুতের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চাহিদা বিবেচনায় আরও এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তাঁর মতে, এসব টার্মিনাল স্থাপন জ্বালানি সরবরাহের ঘাটতি দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।
//ডিবিটেক/বিটিএনআর/এসএমপি/এমআইএসটি//





