ক্যাপকমের সিস্টেমে সাইবার হামলা, ১ কোটি ১৭ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস
বিশ্বখ্যাত গেম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্যাপকম’ তাদের সদস্যভিত্তিক সেবা ‘ক্যাপকম আইডি’-তে এক বড় ধরনের সাইবার হামলার ঘটনা নিশ্চিত করেছে।
গত ১৯ অক্টোবর সিস্টেমে সন্দেহজনক তৎপরতা শনাক্ত করার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও ১ কোটি ১৭ লাখ ৭৪ হাজারেরও বেশি (১১.৭ মিলিয়ন) ব্যবহারকারীর ইমেইল ঠিকানা, অ্যাকাউন্ট তৈরির সময় এবং সাম্প্রতিক লগইন-সংক্রান্ত তথ্য অননুমোদিতভাবে হাতছাড়া হয়ে যায়।
এ ছাড়া ৪৩ জন ব্যবহারকারীর জন্মতারিখ, জেন্ডার ও আঞ্চলিক তথ্য ফাঁস হয়েছে এবং ১৯৬টি অ্যাকাউন্টের পাসওয়ার্ড অননুমোদিতভাবে পরিবর্তন করা হয়েছিল; যা পরবর্তীতে ক্যাপকম কর্তৃপক্ষ রিসেট করে দিয়েছে।
সুরক্ষিত আছে আর্থিক তথ্য ও সেবা
গ্রাহকদের আশ্বস্ত করে ক্যাপকমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্যবহারকারীদের অত্যন্ত সংবেদনশীল ক্রেডিট কার্ড বা আর্থিক কোনো তথ্য এই সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। অননুমোদিত প্রবেশের পথটি দ্রুত শনাক্ত করে বন্ধ করা হয়েছে এবং পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এই অপ্রীতিকর ঘটনার পরেও ‘স্ট্রিট ফাইটার ৬’-এর মতো তুমুল জনপ্রিয় অনলাইন গেমগুলো আগের মতোই নিরবচ্ছিন্নভাবে খেলা যাচ্ছে এবং ক্যাপকম আইডি সেবাটি বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে।
ফিশিং স্ক্যামের সতর্কতা ও গেইমিং খাতে ঝুঁকি
ইমেইল ঠিকানাগুলো হাতছাড়া হওয়ায় প্রতারক চক্র ক্যাপকমের ছদ্মবেশে ভুয়া ও প্রতারণামূলক ‘ফিশিং ইমেইল’ পাঠাতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। এ জন্য সন্দেহজনক যেকোনো লিংক বা বার্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে বড় গেইমিং কোম্পানিগুলোতে সাইবার হামলার ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। এর আগে গত এপ্রিলে আরেক বিখ্যাত প্রতিষ্ঠান ‘রকস্টার গেমস’-এও একই ধরনের তৃতীয় পক্ষের ডেটা ব্রিচের ঘটনা ঘটেছিল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





