উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচনের প্রত্যাশা
বাক্কো নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার বেড়ে ১৯২
- ৩১ অক্টোবর বাক্কো নির্বাচন; চূড়ান্ত ভোটার তালিকায় সাধারণ সদস্য ১৫৪ ও সহযোগী সদস্য ৩৮ জন
- ভোটার সংখ্যা ১০৭ থেকে বেড়ে ১৯২ হওয়ায় প্রার্থীর সংখ্যা এবং প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে ধারণা
- প্রার্থীরা ২৩ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা গত নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার): বাক্কো নির্বাচন বোর্ড এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ঘোষিত তফসিল অনুযায়ী, বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুসরণ করে আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ১৯২ জন, যার মধ্যে সাধারণ সদস্য ১৫৪ জন এবং সহযোগী সদস্য ৩৮ জন। এর আগে ৩ মার্চ ২০২৪ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১০৭ জন। সেবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনটি সিলেকশনের মাধ্যমে সম্পন্ন হয়েছিলো।
এবার ভোটার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রার্থীর সংখ্যাও বাড়বে এবং একটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাক্কো নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। নির্বাচন বোর্ডের অন্য সদস্যরা হলেন টেকপয়েন্ট বিপিও-এর সিইও এস এম মঞ্জুরুল ইসলাম এবং নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক মোঃ হাবিবুল হক। আপিল বোর্ডের তিন সদস্যের মধ্যে রয়েছেন ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইমরাজিনা টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ইমরাজিনা ইসলাম এবং ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি এবার আমরা সবচেয়ে বেশি অংশগ্রহণমূলক এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চেষ্টা করছি। নির্বাচন বোর্ড সব সদস্যকে সমান সুযোগ দিচ্ছে। বাক্কো সচিবালয়ও সবাইকে ভোটার হতে উদ্বুদ্ধ করেছে এবং সব সদস্যকে সমান গুরুত্ব দিচ্ছে। আমরা বিশ্বাস করি, এতে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে।"
তফসিল অনুযায়ী, প্রার্থীরা ২৩ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৩১ অক্টোবর সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
//ডিবিটেক/বিএসএমপি/এসএমপি/এমআইএসটি//





