ক্যামেরা স্টার্টআপ ‘গ্লাস ইমেজিং’ কিনলো ওপেনএআই

ক্যামেরা স্টার্টআপ ‘গ্লাস ইমেজিং’ কিনলো ওপেনএআই
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৬  

৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এক চুক্তিতে স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ‘গ্লাস ইমেজিং’ অধিগ্রহণ করেছে ওপেনএআই। ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার লস অল্টোসে প্রতিষ্ঠিত এই স্টার্টআপটি এর আগে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৩০ মিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহ করেছিল।

ছবি তোলার মুহূর্তেই এআই প্রযুক্তির ব্যবহার
অ্যাপলের সাবেক দুই প্রকৌশলী জিভ অ্যাটার এবং টম বিশপ যৌথভাবে গ্লাস ইমেজিং প্রতিষ্ঠা করেন। অ্যাপলে কাজ করার সময়ে আইফোনের জনপ্রিয় ‘পোর্ট্রেট মোড’ তৈরির দলের নেতৃত্বে ছিলেন তারা। ছবি তোলার পর তা এডিট করার বদলে, তাদের তৈরি নিউরাল নেটওয়ার্ক ব্যবস্থা শাটার বাটনে ক্লিক করার সাথে সাথেই ক্যামেরা সেন্সরের সীমাবদ্ধতা কাটিয়ে উচ্চমানের ছবি তুলতে সাহায্য করে। 

ওপেনএআই-এর হার্ডওয়্যার উচ্চাকাঙ্ক্ষা
অধিগ্রহণের বিষয়ে ওপেনএআই আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে প্রতিষ্ঠানটি নিজস্ব স্মার্টফোন, ইয়ারবাড ও এআই চালিত ডিভাইস তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। 

এর আগে ২০২৫ সালে খ্যাতনামা ডিজাইনার জনি আইভের স্টার্টআপ ‘আইও’ ৬.৫ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে ওপেনএআই, যা তাদের হার্ডওয়্যার খাতের বড় ধরনের সম্প্রসারণকে নিশ্চিত করে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ