স্ত্রী-মেয়ে, ভাই-ভাবিকে পৃথক নোট

পুলক চ্যাটার্জীর হৃদয়স্পর্শী পাঁচ সুইসাইড নোট ভাইরাল

  • প্রশাসনের কাছে হয়রানিমুক্ত মরদেহ হস্তান্তরের অনুরোধ
  • সমকালের পাওনা টাকা পরিবারকে দেওয়ার অনুরোধ

পুলক চ্যাটার্জীর হৃদয়স্পর্শী পাঁচ সুইসাইড নোট ভাইরাল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩  

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরোপ্রধান ও সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর ঘটনায় পাঁচটি সুইসাইড নোট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। স্ত্রী ও মেয়ে, ছোট ভাই ও ভাবি, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের সহকর্মী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক নোট লিখে গেছেন তিনি। এর মধ্যে স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা নোটটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

১২ সেপ্টেম্বর, শনিবার পুলিশ জানায়, আগের দিন শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর প্যারারা রোডে সমকাল ব্যুরো কার্যালয় থেকে পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, মরদেহের পাশে সুইসাইড নোটগুলো পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা নোটে পুলক ক্ষমা চেয়ে মেয়েকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। স্ত্রী ও মেয়ের পাশে থাকার জন্য ছোট ভাই দীপকের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। নোটটির আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে সেটি শেয়ার করছেন এবং মন্তব্যে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

প্রশাসনের উদ্দেশে লেখা নোটে পুলক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কথা উল্লেখ করে তিনি জানান, সুস্থ হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এবং ভারতের ভেলোরেও চিকিৎসা নিয়েছেন। অসুস্থতার কারণে সামাজিক ও স্বাভাবিক জীবনযাপনে পিছিয়ে পড়ার কথাও তিনি লিখেছেন।

ওই নোটে প্রশাসনের কাছে কোনো ধরনের হয়রানি না করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানান পুলক।

বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশে লেখা নোটে পুলক বিদায় জানান এবং দীর্ঘদিনের স্মৃতির কথা উল্লেখ করেন। মরদেহ যেন হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়া হয়, সে বিষয়ে সহযোগিতা করতে বলেন। পাশাপাশি তার স্ত্রী ও মেয়ে প্রকৃতির খোঁজখবর রাখার অনুরোধ জানান। নিজের সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি ময়নাতদন্ত না করার অনুরোধও করেন।

ছোট ভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশে লেখা নোটে পুলক স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতিকে আগলে রাখার অনুরোধ করেন। নিজের কারণে তাদের ওপর বড় দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমা চান। মুক্তিযুদ্ধের ভাতা ও ব্যাংক হিসাবের বিষয়ে দেবাশীষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দীর্ঘদিনের সহকর্মী ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশে লেখা নোটে পুলক একসঙ্গে প্রায় দেড় যুগ কাজ করার কথা উল্লেখ করেন। কোনোভাবে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তাকে বিদায় জানান। সমকালে তার পাওনা টাকা আদায় করে তা তার স্ত্রীর হাতে তুলে দেওয়ার অনুরোধও করেন।

শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকাল ব্যুরো অফিসে পুলকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা খুলে মরদেহ উদ্ধার করে। রাত ৯টার দিকে মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলক বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পুলক চ্যাটার্জী দৈনিক সমকালের বরিশাল ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাঝেমধ্যে সমকাল অফিসে এসে বসতেন তিনি।
//ডিবিটেক/এসবিপি/এসএমই/এমআইএসটি//