নিবন্ধন বা অতিরিক্ত খরচের প্রয়োজন নেই
শুক্রবার বাংলালিংকে ‘ইমো’ ফ্রি
- শুক্রবার ইমো ভয়েস ও ভিডিও কল বিনামূল্যে
- ৭ ও ৩০ দিনের প্যাকেজে সুবিধাটি মিলবে
পরিবারের সঙ্গে দূরে থেকেও যোগাযোগ সহজ করতে প্রতি শুক্রবার ইমো ভয়েস ও ভিডিও কল বিনামূল্যে ব্যবহারের সুযোগ চালু করেছে বাংলালিংক। ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে এই উদ্যোগের আওতায়, বাংলালিংকের প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকেরা নির্দিষ্ট ডেটা প্যাক বা বান্ডেল ব্যবহার করে কোনো ডেটা খরচ ছাড়াই ইমোতে কথা বলতে পারবেন।
১৩ সেপ্টেম্বর, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, যেসব গ্রাহক ৭ দিন বা ৩০ দিনের যেকোনো ডেটা প্যাক বা বান্ডেল নেবেন, তাঁরা ওই প্যাকেজের মেয়াদজুড়ে প্রতি শুক্রবার ইমোর ভয়েস ও ভিডিও কলের এই সুবিধা পাবেন।
বিদেশে থাকা পরিবারের সদস্য ও প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগে বাংলাদেশে ইমোর ব্যবহার উল্লেখযোগ্য হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে অপারেটরটি। বিশেষ করে ভয়েস ও ভিডিও কলের সময় ডেটা ব্যালান্স শেষ হয়ে যাওয়ার উদ্বেগ কমানোই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।
বাংলালিংকের ভাষ্য, বাংলাদেশের মানুষের কাছে শুক্রবার শুধু ছুটির দিন নয়; এটি পরিবার নিয়ে সময় কাটানো, একসঙ্গে খাবার খাওয়া এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের বিশেষ দিন। প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্যও শুক্রবার অনেক ক্ষেত্রে বিদেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সময়।
গ্রাহককেন্দ্রিকতার অংশ হিসেবে ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের ডেটা ব্যবহারের চিন্তা কমিয়ে পরিবারের সঙ্গে আরও স্বাচ্ছন্দ্যে যোগাযোগের সুযোগ তৈরি করতে চায় বাংলালিংক।
এই উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান বলেন, “পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে থাকা সহজ নয়। প্রবাসী কর্মীদের পরিবার যে গভীর মানসিক দূরত্বের মুখোমুখি হয়, তা সহজে দূর করা সম্ভব নয়। তবে মানুষকে অগ্রাধিকার দেওয়া একটি ব্র্যান্ড হিসেবে আমাদের চেষ্টা করতে হবে।”
তিনি আরও বলেন, “শুক্রবার বাংলাদেশের পরিবারগুলোর জন্য একসঙ্গে থাকার একটি বিশেষ দিন। বাংলালিংক বিশ্বাস করে, যোগাযোগের প্রযুক্তি শারীরিক দূরত্ব কমাতে পারে। যে দিনে পরিবার একসঙ্গে থাকার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই দিনে পরিবারগুলোকে আরও কাছে নিয়ে আসাই এই উদ্যোগের লক্ষ্য।”
‘কথা বলা শুক্রবারে ফ্রি’ সুবিধা পেতে আলাদা নিবন্ধন বা অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। গ্রাহকেরা মাইবিএল অ্যাপ, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ইউএসএসডি কোড অথবা প্রচলিত খুচরা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে যেকোনো ৭ দিন বা ৩০ দিনের ডেটা প্যাক বা বান্ডেল কিনলে কিংবা নবায়ন করলেই সুবিধাটি পাবেন।
//ডিবিটেক/এমআরএম/এনএপি/এমআইএসটি//





