সিনেমা প্রযুক্তিতে যুক্ত রোবোটিক ক্যামেরা
ভেনিস চলচ্চিত্র উৎসবে অনারের উদ্ভাবনী রোবট ফোন
- রোবোটিক আর্ম ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সংবলিত ডিভাইসটি সিনেমাটোগ্রাফিতে নতুন মাত্রা এনেছে
- বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান অ্যারির সমন্বিত তিনটি কালার সায়েন্স প্রযুক্তি যুক্ত হয়েছে
- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবজেক্ট ট্র্যাকিং ও স্পিনশট সুবিধা দেবে স্বয়ংক্রিয় নিখুঁত ফ্রেম নির্বাচন
মেকানিক্যাল রোবোটিক আর্ম, স্বয়ংক্রিয় জিম্বল মেকানিজম ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সংমিশ্রণে তৈরি রোবট ফোন প্রদর্শন করেছে গ্লোবাল এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার): চীনা ভাষার চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার কর্মসূচির অফিশিয়াল ইমেজিং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে গত ২ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডিভাইসটি প্রদর্শন করা হয়। ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরাযুক্ত এই উদ্ভাবনী হ্যান্ডসেটটি এর আগে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবং ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল।
বিশ্বখ্যাত সিনেমা ক্যামেরা ও লাইটিং নির্মাতা প্রতিষ্ঠান অ্যারির (ARRI) সঙ্গে যৌথ প্রকৌশলে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে তিনটি বিশেষ প্রযুক্তি: অ্যারি লগ-সিথ্রি কালার সায়েন্স, অ্যারি ওয়াইড গ্যামাট ৩ এবং অ্যারি লুকস। অ্যারি লগ-সিথ্রি পোস্ট-প্রোডাকশনের জন্য হাইলাইট ও শ্যাডোর খুঁটিনাটি তথ্য সুরক্ষিত রাখে। অ্যারি ওয়াইড গ্যামাট ৩ নিশ্চিত করে বিস্তৃত কালার স্পেস এবং অ্যারি লুকস দেয় নিয়ন্ত্রিত সিনেমাটিক রঙের আবহ, যা নির্মাতাদের ফুটেজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। চলচ্চিত্র ইমেজিং ও প্রযোজনায় শত বছরেরও বেশি সময় ধরে কাজ করা অ্যারি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে ২০টি সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এই যৌথ উদ্যোগ স্মার্টফোনেই পেশাদার চলচ্চিত্র নির্মাণের কার্যপ্রবাহ বাস্তবায়নে ভূমিকা রাখছে। রোবট ফোনের মেকানিক্যাল আর্ম ও জিম্বল সিস্টেম ক্যামেরার গতিবিধি স্থিতিশীল রাখে। পাশাপাশি ডিভাইসের এআই অবজেক্ট ট্র্যাকিং এবং এআই স্পিনশট বৈশিষ্ট্য চলমান দৃশ্য ও স্বয়ংক্রিয় কম্পোজিশন শট গ্রহণে সহায়তা করে। উৎসবে অ্যারির সিনেমাটিক সুবিধাসম্পন্ন 'ম্যাজিক৯ প্রো ম্যাক্স' প্রদর্শন করে অনার। এতে একটি বড় কেন্দ্রীয় সেন্সরের দুই পাশে দুটি লেন্স রয়েছে, যার নকশা অ্যারির ঐতিহ্যবাহী 'অ্যারিফ্লেক্স' সিনেমা ক্যামেরার আদলে তৈরি।
অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস লি বলেন, "আমরা যেকোনো স্থানে বসে মানুষদের স্বাধীনভাবে কনটেন্ট তৈরির সুযোগ দিতে চাই। রোবট ফোন উন্নত মোবাইল ইমেজিং, রোবোটিক্স এবং বুদ্ধিবৃত্তিক প্রযুক্তিকে এমনভাবে রূপ দিয়েছে যা প্রতিদিন বহন করা সম্ভব। ভেনিসে আমাদের উপস্থিতি দেখিয়েছে কীভাবে এ ধরনের প্রযুক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। অ্যারির সঙ্গে যৌথ কাজ মোবাইল অভিজ্ঞতায় প্রফেশনাল ইমেজিং যুক্ত করে আমাদের এই প্রচেষ্টাকে নতুন মাত্রা দিয়েছে।"
//ডিবিটেক/এফএইচপিআর/বিআর/এমআইএসটি//





