এক্সটার্নাল এইচডিডি নাকি এসএসডি: কোনটা দরকার?

এক্সটার্নাল এইচডিডি নাকি এসএসডি: কোনটা দরকার?
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৭  

ল্যাপটপ বা কম্পিউটারে অতিরিক্ত তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে এক্সটার্নাল ড্রাইভ বা বাহ্যিক স্টোরেজ ডিভাইসের গুরুত্ব অপরিসীম। তবে এই ডিভাইস কেনার ক্ষেত্রে সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) এবং হার্ড ডিস্ক ড্রাইভের (এইচডিডি) সুবিধা-অসুবিধা বিবেচনা করা জরুরি। 

এক্সটার্নাল এসএসডির প্রধান ইতিবাচক দিক হলো এর গতি। এতে ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় প্রতি সেকেন্ডে ৫০০ মেগাবাইট বা তার বেশি গতিতে ডেটা আদান-প্রদান করা যায়। পাশাপাশি কোনো ঘূর্ণায়মান যন্ত্রাংশ না থাকায় এটি অত্যন্ত হালকা, নিঃশব্দ ও কম বিদ্যুৎ খরচ করে। হাত থেকে পড়ে গেলেও এতে ডেটা নষ্ট হওয়ার ঝুঁকি অনেক কম থাকে। প্রতিদিন বিশাল আকারের ফাইল স্থানান্তর বা সরাসরি ড্রাইভ থেকে ছবি ও ভিডিও সম্পাদনা করার জন্য এসএসডি সেরা পছন্দ। তবে এর একমাত্র বড় অসুবিধা হলো এইচডিডির তুলনায় গিগাবাইট প্রতি অতিরিক্ত মূল্য।

এইচডিডির সাশ্রয়ী সুবিধা ও সীমাবদ্ধতা 
অন্যদিকে, এক্সটার্নাল এইচডিডির সবচেয়ে বড় সুবিধা হলো কম খরচে বিপুল পরিমাণ জায়গা বা স্টোরেজ সুবিধা পাওয়া। চার টেরাবাইট বা তার বেশি ধারণক্ষমতার এসএসডির দাম যেখানে সাধারণের নাগালের বাইরে চলে যায়, সেখানে এইচডিডি অনেক সাশ্রয়ী মূল্যে বিশাল স্টোরেজ অফার করে। 

তবে যান্ত্রিক ডিস্ক ও রিড-রাইট হেড ব্যবহার করায় এইচডিডির গতি সাধারণত প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইটের কাছাকাছি থাকে, যা আধুনিক কাজের ক্ষেত্রে কিছুটা ধীরগতির। এ ছাড়া এটি কাজ করার সময় হালকা শব্দ করে, তুলনামূলক বেশি বিদ্যুৎ খরচ করে এবং হাত থেকে পড়ে গেলে কিংবা অসাবধানতায় ভেতরের সংবেদনশীল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে তথ্য স্থায়ীভাবে হারিয়ে যাওয়ার তীব্র ঝুঁকি থাকে।

সঠিক ডিভাইস নির্বাচনের উপায় 
কোন ধরনের ড্রাইভ কিনবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যবহারের প্রয়োজনের ওপর। দীর্ঘমেয়াদে ফাইল ব্যাকআপ রাখা কিংবা যেসব তথ্য ঘনঘন ব্যবহারের প্রয়োজন হয় না, তার জন্য কম্পিউটার বা রাউটারের সাথে স্থায়ীভাবে এইচডিডি যুক্ত রাখা অর্থসাশ্রয়ী। 

অন্যদিকে, নিয়মিত ডেটা বহন করা, গেমিং কিংবা ভিডিও এডিটিংয়ের মতো গতিশীল কাজের জন্য এসএসডি-ই সবচেয়ে কার্যকর মাধ্যম।

তবে যেকোনো বাহ্যিক ড্রাইভ কেনার আগে ল্যাপটপ বা কম্পিউটারের ইউএসবি পোর্টের ধরন ও সক্ষমতা (যেমন ইউএসবি ৩.০ বা ১০ জিবিপিএস সমর্থন) যাচাই করে নেওয়া প্রয়োজন, যাতে ড্রাইভের সর্বোচ্চ গতি পাওয়া নিশ্চিত করা যায়।

ডিবিটেক/বিএমটি