শিক্ষার্থীদের ক্যারিয়ার ও উদ্যোক্তা ভাবনা
কানাডিয়ান ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাবের অফিশিয়াল ম্যাসকট
- শিক্ষার্থীদের নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও উদ্ভাবনী মানসিকতা বিকাশে ফ্যালকন উন্মোচন
- নতুন ভিজ্যুয়াল আইডেন্টিটি হিসেবে ম্যাসকটটি সাহস ও দূরদর্শিতার প্রতীক
- উদ্যোক্তা তৈরি ও প্রফেশনাল নেটওয়ার্কিং বৃদ্ধিতে ক্লাবটির বিশেষ প্ল্যাটফর্ম গঠন
শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, প্রফেশনাল নেটওয়ার্কিং এবং আধুনিক উদ্যোক্তা মানসিকতা বিকাশের অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক ভিজ্যুয়াল আইডেন্টিটি ম্যাসকট ‘ফ্যালকন’ (FalcON) উন্মোচন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের শারাফাত চৌধুরী মাল্টিপারপাস হলে ১৫ সেপ্টেম্বর, ২০০৬ (সোমবার): এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ম্যাসকটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া ধারাভাষ্যকার এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত ক্লাবের অফিশিয়াল ম্যাসকটটি উন্মোচন করেন।
বাজপাখির ক্ষিপ্রতা ও লক্ষ্যভেদী বৈশিষ্ট্য থেকে অনুপ্রাণিত এই ম্যাসকট ‘ফ্যালকন’ মূলত দূরদর্শিতা, সাহস, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের পথচলা ও উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়ায় অনুপ্রাণিত করতেই এই ভিজ্যুয়াল আইডেন্টিটি যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ও ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর বেনজির রহমান এবং একই বিভাগের সিনিয়র লেকচারার, বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও ক্লাবের ফ্যাকাল্টি কো-অ্যাডভাইজর নিয়াজ আদনান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড কমিউনিকেশন, মার্কেটিং, পিআর ও অ্যাডমিশন বিভাগের জয়েন্ট ডিরেক্টর সালেহীন চৌধুরীসহ অন্যান্য শিক্ষক ও ক্লাব সদস্যরা। ক্লাবটির কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা আইডিয়ার বাস্তবায়ন এবং আধুনিক পেশাগত বিশ্বের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
//ডিবিটেক/এনএপি/এসএমই//





