জেমিনির সাহায্যে যেভাবে গুগল ড্রাইভের ফাইল সাজাবেন

জেমিনির সাহায্যে যেভাবে গুগল ড্রাইভের ফাইল সাজাবেন
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৫  

অনলাইনে নিয়মিত কাজ করার ফলে ক্লাউড স্টোরেজ ‘গুগল ড্রাইভ’-এ প্রতিনিয়ত জমা হতে থাকে বিপুল পরিমাণ ফাইল, নথি ও ছবি। নির্দিষ্ট ফোল্ডারে না রেখে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব অগোছালো ফাইল পরবর্তীতে সহজে খুঁজে পাওয়া বা ম্যানুয়ালি সাজানো বেশ সময়সাপেক্ষ। ব্যবহারকারীদের এই ডিজিটাল বিশৃঙ্খলা দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ নির্ভর নতুন ফিচার ‘অর্গানাইজ মাই ফাইলস’ নিয়ে এসেছে গুগল। 

গত বছর পরীক্ষা চালানোর পর সাধারণ গ্রাহকদের জন্য ফিচারটি উন্মোচন করা শুরু হয়েছে। এর মাধ্যমে ড্রাইভে জমা হওয়া এলোমেলো ফাইলগুলো কোন ফোল্ডারে সরানো উচিত, সে বিষয়ে জেমিনি এআই ব্যবহারকারীকে স্বয়ংক্রিয় পরামর্শ দেবে। 

ব্যবহারের যোগ্যতা ও শর্তাবলী
নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারটি বিনামূল্যে ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত অ্যাকাউন্টে এটি ব্যবহার করতে ‘গুগল এআই প্রো’ (প্রতি মাসে ২০ ডলার) অথবা ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রিপশন থাকতে হবে। 

এ ছাড়া গুগল ওয়ার্কস্পেসের বিজনেস, এন্টারপ্রাইজ এবং এডুকেশন গ্রাহকেরাও এই সুবিধা পাবেন। 

তবে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট দিয়ে ব্যক্তিগত ড্রাইভ গোছানো যাবে না। একইসাথে সহকর্মীদের সাথে শেয়ার করা কোনো ফোল্ডারেও জেমিনি কাজ করবে না; এটি কেবল ব্যবহারকারীর নিজস্ব প্রাইভেট ফোল্ডারের ক্ষেত্রে কার্যকর হবে।
 
যেভাবে কাজ করবে এই নতুন ফিচার
জেমিনির মাধ্যমে ড্রাইভ পরিচ্ছন্ন করার পদ্ধতিটি বেশ সহজ। ফিচারটি ব্যবহারের আগে জিমেইল সেটিংস থেকে ‘স্মার্ট ফিচারস ইন গুগল ওয়ার্কস্পেস’ সক্রিয় রাখা প্রয়োজন। এরপর ব্রাউজারে গুগল ড্রাইভ ওপেন করে ‘মাই ড্রাইভ’-এ গেলে ওপরের দিকে ‘সাজেস্ট ফাইল মুভস’ বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে জেমিনি প্রয়োজনীয় পরামর্শের একটি তালিকা দেখাবে এবং প্রয়োজনে নতুন ফোল্ডার তৈরির প্রস্তাব দেবে। 

ব্যবহারকারী কেবল প্রতিটি অ্যাকশনের পাশে থাকা চেক বক্সে টিক চিহ্ন দিয়ে অনুমোদন দিলেই ফাইলগুলো নির্দিষ্ট ফোল্ডারে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হয়ে যাবে। 

টুলটির কার্যকারিতা ও সীমাবদ্ধতা
তবে ফাইল গোছানোর ক্ষেত্রে জেমিনির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। জেমিনি ফাইলের ভেতরের লেখা বা কনটেন্ট পড়ে গভীর বিশ্লেষণ করে না, বরং ফাইলের শিরোনাম ও পূর্বের সাজানো কাঠামোর ওপর ভিত্তি করে পরামর্শ দেয়। ফলে ড্রাইভে বেনামী ফাইল বেশি থাকলে এই টুল খুব একটা উপকারে আসবে না। 

এ ছাড়া জেমিনি কোনো ফাইলের নাম নতুন করে পরিবর্তন করতে পারে না। তাই ফাইলের নাম সঠিকভাবে দেওয়া থাকলে তা উপযুক্ত ফোল্ডারে গুছিয়ে দেওয়ার কাজে জেমিনি কার্যকর ভূমিকা রাখবে। 

ডিবিটেক/বিএমটি