উন্নত নিরাপত্তা প্রযুক্তিতে অংশীদারত্ব
সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কি ও ভিয়েতনামের চুক্তি
- জটিল সাইবার অপরাধ ও হাই-টেক থ্রেট মোকাবেলায় প্রযুক্তিগত জ্ঞান বিনিময়
- ক্যাসপারস্কি এবং ভিয়েতনামের সাইবার নিরাপত্তা দফতরের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর
- ডিজিটাল রূপান্তরের ঝুঁকি কমাতে জাতীয় সাইবার সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার
ডিজিটাল রূপান্তরের ঝুঁকি মোকাবেলা, হাই-টেক থ্রেট ইন্টেলিজেন্স এবং সাইবার অপরাধ শনাক্তকরণে প্রযুক্তিগত সক্ষমতা জোরদারে যৌথ চুক্তি সম্পাদন করেছে গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ও ভিয়েতনাম সরকার।
চুক্তির আওতায় উভয় পক্ষ সাইবার অপরাধ ও উচ্চপ্রযুক্তিভিত্তিক ডিজিটাল ঝুঁকি প্রতিরোধ, শনাক্তকরণ ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে জ্ঞান, অভিজ্ঞতা ও আধুনিক কারিগরি সমাধান বিনিময়ে একমত হয়েছে। প্রায় ২০ বছর ধরে ভিয়েতনামের সরকারি দফতর, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে কাজ করে আসা ক্যাসপারস্কি ২০২৫ সালে হো চি মিন সিটিতে তাদের আনুষ্ঠানিক কার্যালয় চালুর মাধ্যমে কার্যক্রম আরও জোরদার করে।
১৩ সেপ্টেম্বর এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ সেপ্টেম্বর, মঙ্গলবারভিয়েতনামে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ক্যাসপারস্কির পক্ষে সরকারি সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস ডেভিডভ এবং ভিয়েতনামের সাইবার নিরাপত্তা ও উচ্চপ্রযুক্তি অপরাধ দমন দফতরের উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ট্রিউ মান তুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ক্যাসপারস্কির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস ডেভিডভ বলেন, "ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকির প্রেক্ষাপটে ডিজিটাল প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। ক্যাসপারস্কি এবং সাইবার নিরাপত্তা ও উচ্চপ্রযুক্তি অপরাধ দমন দফতরের এই অংশীদারত্ব উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং ভিয়েতনামের সাইবার সুরক্ষার অবস্থান উন্নত করতে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।"
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল ট্রিউ মান তুং বলেন, "ভিয়েতনাম দ্রুত ডিজিটাল রূপান্তর ঘটাচ্ছে, যার সঙ্গে সাইবার নিরাপত্তা ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। ক্যাসপারস্কির সঙ্গে এই সহযোগিতা আমাদের মূল্যবান আন্তর্জাতিক দক্ষতা ও অভিজ্ঞতা প্রদান করবে। এটি ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকি মোকাবেলায় আমাদের সক্ষমতা বাড়াবে এবং সমাজে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।" সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বিত উদ্যোগে এটি একটি নিরাপদ সাইবার স্পেস তৈরিতে ভূমিকা রাখবে বলে জানানো হয়।
//ডিবিটেক/সিপিআরআই/এসএমই/ইআইসি//





