রাউটার-সিম-ডেটা ৩৪৯৯ টাকায়

টেলিটকের নতুন ৪জি ওয়াইফাই রাউটার

  • ৩৪৯৯ টাকায় রাউটার, সিম ও ৩.৯৯ জিবি ডেটা
  • ঘর, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে ৪জি সংযোগ
  • দেশজুড়ে নেটওয়ার্ক আধুনিকায়নে জোর দিচ্ছে টেলিটক

টেলিটকের নতুন ৪জি ওয়াইফাই রাউটার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৪  

দেশে ঘর, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে আরও সহজে ৪জি ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করতে নতুন ৪জি ওয়াইফাই রাউটার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। নতুন এই প্যাকেজে মাত্র ৩ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে একটি ৪জি ওয়াইফাই রাউটার, একটি টেলিটক সিম এবং ৩ দশমিক ৯৯ জিবি ডেটা।

১৪ সেপ্টেম্বর, সোমবার ঢাকায় টেলিটকের নতুন ৪জি ওয়াইফাই রাউটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেলিটক জানিয়েছে, নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকেরা টেলিটকের ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন অনলাইন কার্যক্রম সহজে পরিচালনা করতে পারবেন। দ্রুত, সুবিধাজনক ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

নতুন ৪জি ওয়াইফাই রাউটার চালুর ফলে বাসাবাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সহজলভ্য ইন্টারনেট সংযোগের পরিধি আরও বাড়বে বলে আশা করছে টেলিটক।

প্রতিষ্ঠানটির ভাষ্য, এই সেবা টেলিটকের গ্রাহকসেবা সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকদের বাড়তে থাকা ইন্টারনেট চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশজুড়ে উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা পৌঁছে দিতে টেলিটক ধারাবাহিকভাবে তাদের জাতীয় নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে। মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাকে প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
//ডিবিটেক/টিটিএ/এসএমই/এমআইএস//