বিএসআইএ-এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০৩০ সেমিকন্ডাক্টর রোডম্যাপের প্রস্তাব

  • চিপ ডিজাইন প্রকৌশল, আন্তর্জাতিক সহযোগিতা ও দক্ষ সেমিকন্ডাক্টর কর্মীবাহিনী গড়ে তোলায় অঙ্গীকার
  • ২০৩০ সাল নাগাদ জাতীয় সেমিকন্ডাক্টর রোডম্যাপ প্রণয়ন করে সরকারের দফতরে উপস্থাপনের সুপারিশ
  • প্রথম বার্ষিক সভার কার্যবিবরণী, নিরীক্ষিত হিসাব ও বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত

২০৩০ সেমিকন্ডাক্টর রোডম্যাপের প্রস্তাব
১২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৫  

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে ২০৩০ সাল পর্যন্ত একটি সমন্বিত শিল্প রোডম্যাপ তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA)। দক্ষ জনবল তৈরি, গবেষণা ও উদ্ভাবন জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

১২ সেপ্টেম্বর, শনিবার ঢাকার গুলশান ক্লাবে BSIA-এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় (AGM) এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন BSIA সভাপতি এম. এ. জব্বার।

উদ্বোধনী বক্তব্যে এম. এ. জব্বার গত এক বছরে সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন তুলে ধরেন এবং ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়ে সদস্যদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দক্ষ জনবল তৈরি, গবেষণা ও উদ্ভাবন শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো BSIA-এর অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।

সংগঠনের সহ-সভাপতি (অর্থ) মোজাহেদুল হক আবুল হাসানাত ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন বিএসআইএ পরিচালক মুনীর আহমেদ ও কামরুল আহসান দেওয়ানজী।

সভায় বিএসআইএ-এর সদস্যভুক্ত প্রতিষ্ঠান—নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, সিলিকনোভা লিমিটেড, ডায়নামিক সলিউশন ইনোভেটরস, তাফুরি টেকনোলজিস লিমিটেড, বালু টেকনোলজিস লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, ক্যাকটাস ম্যাটেরিয়ালস লিমিটেড, ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেড, এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড, এডিএন সেমিকন্ডাক্টরস লিমিটেড এবং সিলিকন অ্যারে-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সদস্যরা বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি সম্মেলনে অংশগ্রহণ, বৈশ্বিক বাজার অনুসন্ধান এবং সরকারের কাছে জমা দেওয়ার জন্য ২০৩০ সালকে লক্ষ্য করে একটি সমন্বিত সেমিকন্ডাক্টর শিল্প রোডম্যাপ তৈরির বিষয়ে বিভিন্ন সুপারিশ দেন।

আলোচনায় আন্তর্জাতিক প্রযুক্তি বাজারের সঙ্গে বাংলাদেশের শিল্পখাতকে আরও সংযুক্ত করা, দক্ষ জনবল ও গবেষণা সক্ষমতা বাড়ানো এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সদস্য প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামত বাংলাদেশের জন্য একটি শক্তিশালী, বৈশ্বিকভাবে সংযুক্ত এবং প্রতিযোগিতামূলক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে শিল্পখাতের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে BSIA।
//ডিবিটেক/ এইচএবিসি/এসএমই/ইআইসি//