সিডনির পারিবারিক আয়োজনে এক ফ্রেমে দুই তারকা

ফেসবুকে তাসকিনের ছক্কা, উচ্ছ্বসিত শাবনূর

  • সিডনিতে পারিবারিক বারবিকিউ আয়োজনে একসঙ্গে তাসকিন ও শাবনূর
  • ছবি পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ব্যাপক আগ্রহ
  • ক্রিকেটারের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শাবনূর

ফেসবুকে তাসকিনের ছক্কা, উচ্ছ্বসিত শাবনূর
৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০২  

ক্রিকেট মাঠ কিংবা রুপালি পর্দা নয়, সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে এক পারিবারিক আয়োজনে এক ফ্রেমে দেখা মিলল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের। দুই তারকার হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

ঘটনার সূত্রপাত সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় আয়োজিত একটি বারবিকিউ পার্টিকে ঘিরে। পরিবারের সদস্যদের নিয়ে সেই আয়োজনে যোগ দেন তাসকিন আহমেদ। বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর।

৫, সেপ্টেম্বর, শনিবার শাবনূরের সঙ্গে তোলা একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তাসকিন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।

পোস্টের প্রথম চার ঘণ্টায় তাসকিনের ওয়ালে ৩১ হাজারের বেশি লাইক, ৪০৪টি মেসেজ এবং ১১৫টি শেয়ার হয়। অন্যদিকে শাবনূরের ওয়ালে একই ছবি ঘিরে ১১ হাজার লাইক, ৫২৩টি মেসেজ ও ৩৩টি শেয়ার দেখা যায়।

তাসকিনের পোস্টের আগেই অবশ্য এই সাক্ষাতের কথা জানান শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের সঙ্গে কাটানো সময়ের কিছু মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন, ভাইয়ের বাসায় পরিবারের সঙ্গে প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে দারুণ সময় কেটেছে তাদের।

তাসকিনও তার পোস্টে জানান, অস্ট্রেলিয়ার সিডনির নিউ সাউথ ওয়েলসে শাবনূরের পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়েছেন তিনি। পরিবারের আতিথেয়তায় দারুণ একটি সন্ধ্যা কেটেছে বলেও জানান এই ক্রিকেটার।

আয়োজনের জন্য শাবনূর ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসকিন লেখেন, ‘সেটা একটা সুন্দর সন্ধ্যা এবং বারবিকিউ রাত ছিল। আমাদের আতিথেয়তা করার জন্য শাবনূর আপু ও তার পরিবারকে ধন্যবাদ।’

অপরদিকে তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লেখেন, ‘ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিলো।’

বাংলাদেশের ক্রিকেটে তাসকিনের অবদানের প্রশংসা করে শাবনূর তাকে দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাসকিনের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করেছেন তিনি।

অন্যদিকে তাসকিনও শাবনূরকে ‘আপু’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দের কথা জানিয়েছেন।

দুই তারকার পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকে। কেউ ছবিটির প্রশংসা করেছেন, আবার কেউ এমন সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রিকেট মাঠে গতিময় পেসার হিসেবে তাসকিনের পরিচিতি। অন্যদিকে রুপালি পর্দায় শাবনূর দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসার নাম। দুই ভিন্ন জগতের এই দুই তারকাকে এক ফ্রেমে দেখে তাই স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

তবে আলোচনার কেন্দ্রে থাকা ছবিটির আকর্ষণ তারকাখ্যাতির বাইরের এক সহজ মুহূর্তে। ক্রিকেট মাঠ কিংবা আলো-ঝলমলে পর্দার বাইরে পরিবারের সঙ্গে হাসি-আড্ডায় সময় কাটাতে দেখা গেল তাসকিন ও শাবনূরকে। সিডনির সেই সন্ধ্যায় যেন প্রবাসের মাটিতে মিলল এক টুকরো বাংলাদেশ।
//ডিবিটেক/নাফিসা আঞ্জুম/আইএইচ/এমআইএস//