ডিজিটাল বিপণনে যৌথ কর্মসূচি

এসএমই উদ্যোক্তাদের জন্য এলো ‘টিকটক বাজার’

  • আইডিএলসি ও টিকটকের যৌথ উদ্যোগে আড়াই হাজার এসএমই প্রতিষ্ঠান পাবে প্রশিক্ষণ
  • পারফরম্যান্স মার্কেটিং, ক্যাম্পেইন পরিকল্পনা ও কনটেন্ট তৈরিতে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি
    এসএমই উদ্যোক্তাদের জন্য এলো ‘টিকটক বাজার’
    ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২০  

    ডিজিটাল বিপণন সক্ষমতা জোরদার, অ্যালগরিদমিক প্রচার ও সোশ্যাল কমার্স বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য দেশব্যাপী ‘টিকটক বাজার’ কর্মসূচি চালু করেছে টিকটক।

    ১৩ সেপ্টেম্বর, রবিবার এ তথ্য জানানো হয়। দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে অংশীদারত্বে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সারাদেশের প্রায় ২ হাজার ৫০০ এসএমই উদ্যোক্তাকে আধুনিক প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। সরাসরি কর্মশালা, উচ্চতর প্রশিক্ষণ ক্লাস্টার, অনলাইন মেন্টরিং এবং নিয়মিত ভার্চুয়াল সহায়তার মাধ্যমে এ সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ কর্মসূচি স্থানীয় উদ্যোক্তাদের চিরাচরিত সোশ্যাল কমার্সের গণ্ডি পেরিয়ে টিকটকের মাধ্যমে বৃহৎ পরিসরের গ্রাহকের কাছে পৌঁছাতে, ব্র্যান্ড ইমেজ দৃঢ় করতে এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করতে সহায়তা করবে। পাশাপাশি উদ্যোক্তাদের বাস্তবিক ডিজিটাল দক্ষতার সুযোগ সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমে তাদের সম্পৃক্ততা বাড়ানো হবে।

    বাংলাদেশে বিকাশমান ডিজিটাল কমার্স ইকোসিস্টেমের বড় সম্ভাবনাকে লক্ষ্য করে ‘টিকটক বাজার’ নকশা করা হয়েছে। বর্তমানে বহু স্থানীয় উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক, খাদ্যদ্রব্য, প্রসাধন সামগ্রী, ব্যক্তিগত যত্ন পণ্য, হস্তশিল্প ও অনুষঙ্গ বিক্রি করছেন। তবে কাঠামোগত ও বাস্তবমুখী পারফরম্যান্স মার্কেটিং প্রশিক্ষণের অভাবে তারা প্রচার কার্যক্রম যথাযথভাবে অপটিমাইজ করতে ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাধার মুখে পড়েন।

    এ কর্মসূচির আওতায় অংশ নেওয়া উদ্যোক্তারা টিকটক ক্যাম্পেইন পরিকল্পনা, ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি, অ্যাকাউন্ট কনফিগারেশন, বিজ্ঞাপন অপটিমাইজেশন এবং ডেটানির্ভর পারফরম্যান্স মূল্যায়নে দক্ষ হয়ে উঠবেন। এছাড়া যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম ইতোমধ্যে প্রস্তুত রয়েছে, তারা বিদেশি গ্রাহকদের কাছে পৌঁছানো এবং রপ্তানিমুখী ডিজিটাল প্রচারণা পরিচালনার কারিগরি দিকনির্দেশনা পাবে।

    টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, "ডিজিটাল সৃজনশীলতা ব্যবসার প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। আইডিএলসির সঙ্গে অংশীদারত্বে ‘টিকটক বাজার’-এর মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, ডিজিটাল টুলস ও সহায়তা দেওয়াই আমাদের লক্ষ্য; যাতে তারা সৃজনশীলতাকে পরিমাপযোগ্য ব্যবসায়িক ফলাফলে রূপান্তর করতে পারেন—তা স্থানীয় বাজারেই হোক কিংবা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণেই হোক।"

    আইডিএলসি ফাইন্যান্সের এসএমই প্রধান আদনান রশীদ জানান, "বর্তমান প্রেক্ষাপটে এসএমই ব্যবসার জন্য ডিজিটাল অন্তর্ভুক্তি আর বিকল্প কোনো বিষয় নয়। বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোর বাইরের উদ্যোক্তাদের প্রবৃদ্ধির জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এসএমই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। তাই টিকটকের মতো প্রযুক্তি অংশীদারদের সঙ্গে যৌথভাবে স্থানীয় এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে আইডিএলসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

    উদ্যোগটির মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তাদের আরও সহনশীল ব্যবসা গড়ে তোলা, নতুন গ্রাহকদের সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপন এবং ডিজিটাল অর্থনীতিতে কার্যকর অংশগ্রহণের পথ সুগম হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতরগুলো।
    //ডিবিটেক/এসিসিবি/এসএমই/এফওইবি//