সার্ভার সংযোগের ত্রুটি সমাধান
ওজোপাডিকোর প্রি-পেইড সিস্টেম সচল
- প্রি-পেইড ভেন্ডার ও অ্যাপ্লিকেশন সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল
- প্রায় ১৭ ঘণ্টা পর সিস্টেম পুনরুদ্ধার
- রিচার্জের সব সীমাবদ্ধতা দূর হয়েছে
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার ভেন্ডিং ব্যবস্থায় সৃষ্ট কারিগরি সমস্যা সমাধান করে সিস্টেম পুনরুদ্ধার করা হয়েছে। ফলে প্রি-পেইড মিটারে রিচার্জের ক্ষেত্রে তৈরি হওয়া সব সীমাবদ্ধতা দূর হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ সেপ্টেম্বর দুপুর ১টা ১৩ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ভেন্ডার সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের যৌক্তিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর ফলে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলের ফেসকেল গ্রাহকরা প্রি-পেইড মিটারের ভেন্ডিং সম্পন্ন করতে প্রতিবন্ধকতার মুখে পড়েন।
সমস্যা শনাক্ত হওয়ার পর ওজোপাডিকোর কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষা করে। পরে ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করা হয়।
বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জসংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে।
অনাকাঙ্ক্ষিত কারিগরি সমস্যার কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব গ্রাহকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
//ডিবিটেক/এমআইএসটি/এসএমই//





