কৃষি সরবরাহব্যবস্থায় ডিজিটাল অর্থায়ন
প্রযুক্তিনির্ভর কৃষিতে ৩ হাজার কোটি
- কৃষি প্রযুক্তিতে ৩ হাজার কোটি টাকার স্কিম
- কৃষিযন্ত্র ও কোল্ড-চেইনে অর্থায়ন
- উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত অর্থায়ন
উত্তরাঞ্চলের কৃষি খাতে প্রযুক্তিনির্ভর উৎপাদন ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার রিভলভিং পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক। এ উদ্যোগে কৃষিযন্ত্র, আধুনিক সংরক্ষণ, কোল্ড-চেইন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন অবকাঠামোসহ উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত পুরো কৃষি সরবরাহব্যবস্থায় অর্থায়নের সুযোগ তৈরি হবে।
১২ সেপ্টেম্বর, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
স্কিমটির আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন বাড়ানো, কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা আধুনিক করা, কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণে অর্থায়ন করা হবে। কৃষকরা এ স্কিমের আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন নিতে পারবেন।
প্রযুক্তিনির্ভর কৃষি অবকাঠামো গড়ে তুলতে স্কিমটিতে উৎপাদন থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত চারটি গুরুত্বপূর্ণ পর্যায় নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—উৎপাদন ও সংরক্ষণ; পরিবহন, বিপণন ও অবকাঠামো নির্মাণ; কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি।
অর্থায়নের আওতায় শস্য উৎপাদন, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি, কোল্ড-চেইন সুবিধা, গুদামজাতকরণ, খাদ্য ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ এবং বীজ উৎপাদনসহ বিভিন্ন কৃষিভিত্তিক খাত সুবিধা পাবে।
বিশেষ করে কৃষি যন্ত্রপাতি, কোল্ড-চেইন ও আধুনিক গুদামজাতকরণে অর্থায়ন বাড়লে কৃষিপণ্যের সংরক্ষণ ও পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন-পরবর্তী অপচয় কমানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এসএমই বিজনেস সাপোর্টের প্রধান কাজী দিলরুবা আক্তার এবং এমএফআই ও এগ্রিকালচার ফাইন্যান্সের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লিটন কুমার বিশ্বাস।
প্রযুক্তি ও অবকাঠামোভিত্তিক এ অর্থায়নের মাধ্যমে রাজশাহী ও রংপুর অঞ্চলের কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ব্যবসাগুলোকে উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে আরও সক্ষম করে তোলার লক্ষ্য রয়েছে। এতে উত্তরাঞ্চলের কৃষিকে কেন্দ্র করে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।
//ডিবিটেক/বিপিআর/এফওইবি//





